আদালতপাড়ায় শিশু সন্তানদের সামনে বাবা ও মাকে মারধরের ঘটনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের বিরুদ্ধে অবশেষে মামলা নিয়েছে ফতুল্লা থানা পুলিশ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে নয়জনকে আসামি করে এই মামলা দায়ের হয়। মামলার বিষয়টি বুধবার বিকেলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন। পুলিশ সুপার বলেন, পুলিশ তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
এর আগে পুলিশ হামলার ঘটনায় মামলা নিতে চাচ্ছিল না বলে অভিযোগ করে আসছিলেন মামলার বাদী ও ভুক্তভোগী রাজিয়া সুলতানা। মামলায় বিএনপির আহ্বাায়কের নাম সংযুক্ত করতে থানার গেটে অবস্থান কর্মসূচি পালনও করেছিলেন এ নারী।
মামলার আসামিরা হলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান (৫০), ইসমাইল (৪৬), হিরন (৩৮), শাহালম (৪৮), টিটু (৫০), রাসেল ব্যাপারি (৩৫), অ্যাডভোকেট খোরশেদ আলম (৪০), আলামিন শাহা (৩৯) এবং বিল্লাল হোসেন (৩৮)। এ ছাড়া মামলায় আরও ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
এ বিষয়ে মামলার বাদী রাজিয়া সুলতানা জানান, আজ থানা থেকে আমাকে ফোন করে জানানো হয়েছে, মামলাটি নেওয়া হয়েছে। আমরা থানা থেকে মামলার কপিটি সংগ্রহ করেছি। আমরা এ ঘটনায় জড়িতদের সুষ্ঠু বিচার দাবি করছি।
তিনি আরও জানান, আদালতে হাজিরা দিতে গেলে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের নির্দেশে তার জুনিয়ররা ও মুহুরি মিলে আমাদের ওপর হামলা করে। তারা আমার স্বামীকে বেধড়ক মারধর করে এবং আমার শরীর ও লজ্জাস্থানে আঘাত করে শ্লীলতাহানি করে। আমার জামাকাপড় ছিঁড়ে ফেলেছে। আমার শিশুসন্তানকে মারধর করেছে।