জামালপুরের ইসলামপুরে মো. শামীম উল বাশার (৪০) নামে এক শিক্ষকের বিরুদ্ধে ১০ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষণের শিকার ছাত্রীর বাবা বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা করেছেন।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আ স ম আতিকুর রহমান। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) চিনাডুলী ইউনিয়নের গুঠাইল এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শিক্ষক মো. শামীম উল বাশার উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
এজাহারে উল্লেখ করা হয়, বই ও চকলেট কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে মঙ্গলবার (২৮ অক্টোবর) উপজেলার গুঠাইল এলাকায় বাবুর বাড়িতে মেয়েটিকে ধর্ষণ করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ওই ছাত্রীকে বই ও চকলেট কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যান ওই শিক্ষক। পরে অভিযুক্ত শিক্ষকের বাড়ির কাছেই একটি পরিত্যক্ত ঘরে নিয়ে তাকে ধর্ষণ করেন। শিশুটি বাড়িতে গিয়ে প্রথমে তার মাকে বিষয়টি জানায়। পরে অন্যান্যদের সহযোগিতায় পরিবারের সদস্যরা থানায় গিয়ে সেদিন রাতেই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, স্কুলছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্যে পাঠানো হবে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তার বিরুদ্ধে আরও একটি ধর্ষণের অভিযোগ রয়েছে।