ফেসবুকের পরিচয়ে বেড়াতে এসে ধর্ষণের শিকার কিশোরী

নেত্রকোনার দুর্গাপুরে ফেসবুকের পরিচয়ে বেড়াতে এসে ধর্ষণের শিকার হলেন নবম শ্রেণির এক শিক্ষার্থী। এই ঘটনায় অভিযুক্ত রিংকু রংদী (২১) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

আটকের পর বুধবার (২৯ অক্টোবর) বিকালে আদালতে পাঠায় পুলিশ। এর আগে সোমবার দিবাগত রাতে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রিংকু রংদীকে আটক করে পুলিশ।

অভিযুক্ত রিংকু রংদী দুর্গাপুর উপজেলার মাধুপাড়া গ্রামের সুপারসন চাম্বুগংয়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বধলা উপজেলার বাসিন্দা ও নবম শ্রেণীর শিক্ষার্থীর (১৪) সাথে ৫-৬ মাস পূর্বে অভিযুক্ত রিংকু রংদীর ফেসবুকের মাধ্যমে পরিচয়। এই সুবাদে যোগাযোগ ও একপর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়।

গত সোমবার (২৭ অক্টোবর) সকালে ওই শিক্ষার্থী দুর্গাপুরের বন্ধুর বাড়িতে বেড়ানোর কথা বলে বাসা থেকে বের হয়। পরে ওইদিন রিংকু মেয়েটিকে নিয়ে দুর্গাপুরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে সন্ধ্যায় তার বাড়িতে নিয়ে যায় এবং রাতে তার বাসায় থাকতে বলে।

এতে রাজি হয়ে রাতের খাবার খেয়ে বাড়ির এক কক্ষে ঘুমিয়ে পড়ে ভুক্তভোগী। রাত গভীর হলে অভিযুক্ত রিংকু কৌশলে তার রুমে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে রিংকু।

ওই সময় মেয়েটির চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রিংকু রংদীকে আটক করে।

এদিকে ভুক্তভোগী শিক্ষার্থী বিষয়টি ফোনে তার পরিবারের সদস্যদের জানালে শিক্ষার্থীর মা বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, বিষয়টি জানতে পেরে অভিযুক্তকে আটক করা হয়। বুধবার বিকালে আদালতে সোর্পদ করা হয়েছে।