রাজধানীর মেট্রোরেল চলাচল বুধবার (২৯ অক্টোবর) রাতে হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। যান্ত্রিক ত্রুটির কারণে এই ব্যঘাত ঘটে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক হয়।
ফার্মগেট এলাকায় বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার যে স্থানটিতে দুর্ঘটনা ঘটেছিল বুধবার রাতে সেখানে কিছুটা কম্পন অনুভূত হয়। নিরাপত্তার স্বার্থে রাত সোয়া ৯টার দিকে আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে মতিঝিল থেকে কারওয়ান বাজার এবং উত্তরা থেকে আগারগাঁও অংশে নির্ধারিত সময় অনুযায়ী (রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত) ট্রেন চলাচল অব্যাহত ছিল।
এর আগে, গত ২৬ অক্টোবর দুপুরে ফার্মগেট স্টেশনের পশ্চিম পাশে একটি পিলার ও উড়ালপথের সংযোগস্থলে থাকা বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। এতে আবুল কালাম নামে এক পথচারী নিহত হন। ঘটনার পর তাৎক্ষণিকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়।