বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালকে ঘিরে ফের তৈরি হয়েছে বিতর্ক। স্প্যানিশ সাংবাদিক জর্দি মার্টিন দাবি করেছেন, এল ক্ল্যাসিকোতে পরাজয়ের পর ইয়ামাল গোপনে ইতালির মিলান শহরে এক পার্টিতে অংশ নিয়েছিলেন। সেই পার্টিতে ছিলেন তার এক পুরনো প্রেমিকা, ইতালিয়ান মডেল ও অভিনেত্রী আনা জেনজোসো। দুজনে নাকি রাত্রিযাপনও করেছেন!
সাংবাদিক জর্দি মার্টিন তার ইউটিউব চ্যানেলে বলেন, ‘এল ক্ল্যাসিকো শেষে সোমবার বিকেল ৫টার দিকে বার্সেলোনা থেকে একটি ব্যক্তিগত বিমানে মিলান যান ইয়ামাল। তিনি সেখানে হোটেল আরমানিতে উঠেন এবং বন্ধুদের সঙ্গে একটি বড় পার্টির আয়োজন করেন। আমার কাছে খবর আছে যে, সেই পার্টিতে অনেক নারীও উপস্থিত ছিলেন। তাছাড়া ইয়ামাল পুরো রাত কাটিয়েছেন আনা জেনজোসোর সঙ্গে।’
এই তথ্য প্রকাশের পর থেকেই সমালোচনার মুখে পড়েছেন ১৮ বছর বয়সী ইয়ামাল। কারণ, তিনি সম্প্রতি আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোল-এর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর খবর প্রকাশ করেছিলেন। জেনজোসো ইনস্টাগ্রামে হোটেল আরমানি থেকে একটি ছবি পোস্ট করেন, যা ইয়ামালের অবস্থানের সঙ্গে মিলে যায়। সাংবাদিক মার্টিন মন্তব্য করেন, ‘এটা কি কাকতালীয়? আমার সূত্র বলছে, ইয়ামাল আগে থেকেই এই মেয়েটির সঙ্গে সম্পর্ক রেখেছিলেন।’
ইয়ামালের এই মিলান সফর চলাকালীন নিকি নিকোল আর্জেন্টিনায় ছিলেন। স্থানীয় গণমাধ্যমের দাবি, ইয়ামালের এরকম ‘গোপন সফর’ নতুন কিছু নয়। কয়েক মাস আগেও নাকি তিনি সেভিয়া ও মারবেলায় একইভাবে পার্টি করেছেন। সাংবাদিক মার্টিন আরও বলেন, ‘তার ফুটবল প্রতিভা নিয়ে সন্দেহ নেই, কিন্তু বার্সেলোনায় এখন তার আচরণ ও ভাবমূর্তি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ক্লাব কর্মকর্তারা তার ম্যানেজারকে বলেছেন, যেন ইয়ামাল নিজের ভাবমূর্তি রক্ষা করেন এবং নেইমারের মতো বিতর্কে না জড়ান।’
ইয়ামাল ও নিকি নিকোল আগস্টের শেষ দিকে তাদের সম্পর্ক প্রকাশ করেন। দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করেছেন। তবে মিলানের এই ঘটনার পর প্রশ্ন উঠেছে— নিকি নিকোল কি ইয়ামালের সঙ্গে সম্পর্ক চালিয়ে যাবেন?