রোনালদোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৩:২৯ এএম

ফুটবল বিশ্বকে এক অদ্ভুত স্তব্ধতার মধ্যে ডুবিয়ে শেষ হয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা। ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর রুদ্ধশ্বাস লড়াইয়ে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে স্পেন। ড্যালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত দুই দলই ছিল গোলশূন্য। কিন্তু যোগ করা সময়ের ঠিক প্রথম মিনিটে পর্তুগালের রক্ষণভাগের কয়েক সেকেন্ডের অসতর্কতার চড়া মূল্য দিতে হলো পুরো পর্তুগালকে।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে প্রায় নিশ্চিতভাবেই গড়াচ্ছিল, ঠিক তখনই স্পেনের মিডফিল্ডার মিকেল মেরিনো বোকা বানিয়ে দেন পর্তুগিজ ডিফেন্সকে।

পর্তুগালের সীমানায় প্রায় ৪০ গজ দূরে রদ্রি ফাউলের শিকার হলে স্পেন কোনো বিলম্ব না করে দ্রুত ফ্রি-কিকটি নেয়। পর্তুগিজ ডিফেন্ডাররা যখন পজিশন গোছাতে ব্যস্ত, তখন ফেরান তোরেসের চতুর পাস খুঁজে নেয় বক্সের ভেতর ফাঁকায় থাকা মিকেল মেরিনোকে। নিপুণ এক নিচু শটে বল জালে জড়িয়ে স্প্যানিশ শিবিরকে উল্লাসে মাতান তিনি।

মিকেল মেরিনোর গোল উদযাপন

গোল খাওয়ার পর অল-আউট আক্রমণে যায় পর্তুগাল। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে (৯০+৬ মিনিটে) ফ্রান্সিসকো কনসেইসাওয়ের একটি চমৎকার ক্রস থেকে গোলপোস্টের মাত্র ৬ গজ দূরত্বে হেড করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন বের্নার্দো সিলভা। কিন্তু তার হেডটি অবিশ্বাস্যভাবে গোলবারের ওপর দিয়ে চলে যায়। এই নিশ্চিত গোল মিসের হতাশায় মাঠের আবহ হয়ে ওঠে উত্তপ্ত। ম্যানচেস্টার সিটির দুই সতীর্থ সিলভা এবং স্পেনের রদ্রি মাঠের মধ্যেই বিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়লে গোলরক্ষক উনাই সিমন এসে পরিস্থিতি শান্ত করেন।

শেষ বাঁশি বাজার সাথে সাথেই নিশ্চিত হয়ে যায় ৪১ বছর বয়সী রোনালদোর বিশ্বমঞ্চের দীর্ঘ ও মহিমান্বিত ক্যারিয়ারের করুণ সমাপ্তি। স্পেনের খেলোয়াড়রা যখন উল্লাসে ফেটে পড়ছিলেন, পর্তুগালের ফুটবলাররা তখন মাঠের মাঝেই শূন্য চোখে তাকিয়ে ছিলেন। রোনালদো কিছুক্ষণ হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে নিজের কান্না চেপে রাখার আপ্রাণ চেষ্টা করেন।

এরপর টিভি ক্যামেরা যখন তার ড্রেসিংরুমে ফেরার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছিল, তখন অশ্রুসিক্ত ও ভগ্নহৃদয় পর্তুগিজ অধিনায়ককে মাথা নিচু করে টানেল দিয়ে মাঠ ছাড়তে দেখা যায়। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা নায়কের বিশ্বকাপ অধ্যায় শেষ হলো একরাশ বিষাদ নিয়ে।

শনিবারের কোয়ার্টার ফাইনালে স্পেন এখন মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র অথবা বেলজিয়ামের।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত