অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে যুক্তরাজ্য-ভিয়েতনাম চুক্তি স্বাক্ষর

যুক্তরাজ্য ও ভিয়েতনাম অবৈধ অভিবাসন রোধে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। ভিয়েতনামের রাজধানী হানয়ের সঙ্গে অন্য কোনো দেশের হওয়া সবচেয়ে শক্তিশালী চুক্তি হিসেবে এটিকে বর্ণনা করা হয়েছে।   

বুধবার (২৯ অক্টোবর) লন্ডনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার ও ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির প্রধান তো লাম এ চুক্তি চূড়ান্ত করেন। অবৈধ অভিবাসনের সংখ্যা কমাতে ব্যাপক চাপের মুখে থাকা যুক্তরাজ্য সরকার এই পদক্ষেপ নিয়েছে।  

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালের প্রথম ছয় মাসে অবৈধ নৌকায় ব্রিটেনে পৌঁছানো বিদেশি অভিবাসীদের মধ্যে ১৭ শতাংশই ছিলেন ভিয়েতনামী নাগরিক, যা অন্য সব দেশের তুলনায় সর্বোচ্চ। নতুন এই চুক্তির লক্ষ্য হলো অবৈধভাবে অবস্থানরত ব্যক্তিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুত ও সহজ করা।

স্টার্মার বলেন, ভিয়েতনাম থেকে অবৈধ আগমন এরইমধ্যে অর্ধেকে নেমে আসলেও আরও পদক্ষেপ নেওয়া প্রয়োজন। 

অভিবাসন ছাড়াও এই চুক্তির আওতায় দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি, জ্বালানি ও শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানো হবে।