টি-টোয়েন্টি ফরম্যাটে বছরটা বেশ ভালোই কাটল তানজিদ হাসান তামিমের। গতকালও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টিতে ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলেছেন। বাকি ব্যাটারদের ব্যর্থতায় দল হেরে গেলেও তানজিদ উঠে এসেছেন নতুন এক উচ্চতায়। টি-টোয়েন্টিতে এক বছরে সর্বোচ্চ রানের রেকর্ড এখন তানজিদের।
বাংলাদেশের বাঁহাতি এই ওপেনার চলতি বছর ২৩ ইনিংসে ১৩৫.২১ স্ট্রাইকরেট এবং ২৯.৬১ গড়ে রান করেছেন ৬২২। ২০২১ সালে ২৬ ইনিংসে ২৩ গড় এবং ১০০.৩৪ স্ট্রাইকরেটে ৫৭৫ রান করেছিলেন নাঈম শেখ। সেটাই এতদিন বাংলাদেশের সর্বোচ্চ ছিল। এছাড়া ছক্কার দিক দিয়েও তানজিদ বাংলাদেশের বাকিদের ছাড়িয়ে গেছেন। এবছর ৩৪টি ছক্কা মেরেছেন এই তরুণ ওপেনার।
এক বছরে সর্বোচ্চ রানের তালিকায় তৃতীয় স্থানে আছেন লিটন দাস। চলতি বছর লিটন ২১ ইনিংসে ২৯.৬৮ গড় এবং ১৩২.৭০ স্ট্রাইকরেটে করেছেন করেছেন ৫৬৪ রান, ফিফটি আছে ৪টি। এর আগে ২০২২ সালে ১৪০.২০ স্ট্রাইক রেটে ৫৪৪ রান করেছিলেন লিটন। যে কারণে চতুর্থ স্থানটিও তার দখলে। পঞ্চম স্থানে আছেন হাল আমলে হারিয়ে যেতে বসা আফিফ হোসেন। ২০২২ সালে ১২৩.৭৬ স্ট্রাইকরেটে তিনি করেছিলেন ৫০০ রান।