শ্রীপুর

নিম্নমানের পশুখাদ্য তৈরি করায় ৩০ হাজার টাকা জরিমানা

গাজীপুরের শ্রীপুরে নিম্নমানের পশু খাদ্য তৈরি ও বিনা অনুমতিতে পশু খাদ্য তৈরি করার অপরাধে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রাম এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
 
অভিযুক্ত ব্যক্তির নাম শামসুল আলম (৪২)। তিনি টেপিরবাড়ী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরেই নিম্নমানের সামগ্রী দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে পশু খাদ্য তৈরি করছিলেন। মৎসখাদ্য ও পশুখাদ্য আইন ২০১০ এর ৪ ধারা লঙ্খন করায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পুলিশ ও আনসার সদস্যরা সাথে ছিলেন।

শ্রীপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আশরাফ হোসেন জানান, দীর্ঘদিন ধরেই শামসুল আলম নিম্নমানের পশু খাদ্য তৈরি করে বিভিন্ন স্থানে বিক্রি করছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম জানান, টেপিরবাড়ি এলাকার গ্র্রেজ এগ্রা নামে একটি প্রতিষ্ঠান অনুমতি (লাইসেন্স) ছাড়া পশুখাদ্য তৈরি করে বিভিন্ন ফিড মিলে বিক্রি করছিল। আর নিম্নমানের সামগ্রী দিয়েও পশুখাদ্য তৈরি করছিল। এ অপরাধে ওই ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। মুচলেকা নিয়ে দুই মাসের সময় দেওয়া হয়েছে। এ সময়ে আইনি যাবতীয় কাগজপত্র নিশ্চিত করে অনুমতি নিয়ে খাদ্য তৈরি করবেন। ফলে প্রতিষ্ঠান বন্ধ বা সিলগালা করা হয়নি।