এবার মেসিকে প্রত্যাখ্যান করলো সৌদি আরব

সৌদি আরব লিওনেল মেসিকে আগামী বছরের বিশ্বকাপের আগে সৌদি প্রো লিগে সংক্ষিপ্ত সময়ের জন্য খেলার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এই তথ্য প্রকাশ করেছেন মাহদ স্পোর্টস একাডেমির সিইও আব্দুল্লাহ হাম্মাদ।

সৌদি প্ল্যাটফর্ম থমানইয়া-র সঙ্গে একটি পডকাস্টে হাম্মাদ জানান, “গত ক্লাব বিশ্বকাপের সময় মেসির দল আমার সঙ্গে যোগাযোগ করেছিল এবং প্রস্তাব দিয়েছিল যে তিনি সৌদি আরবে খেলুন, কারণ এমএলএস প্রায় চার মাসের জন্য বন্ধ থাকবে। মেসি চেয়েছিলেন ফিট থাকবেন এবং ২০২৬ সালের বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করবেন।"

হাম্মাদ আরও যোগ করেন, “এ ধরনের ঘটনা ডেভিড বেকহ্যামের ক্ষেত্রেও ঘটেছিল, যখন তিনি লস এঞ্জেলেস গ্যালাক্সির সঙ্গে ছিলেন এবং ২০১০ সালে এসি মিলানে খেলেছিলেন।"

হাম্মাদ জানিয়েছেন, তিনি প্রস্তাবটি সৌদি ক্রীড়া মন্ত্রীর কাছে পৌঁছে দেন। তবে মন্ত্রী তা প্রত্যাখ্যান করেন, “মন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে সৌদি লিগ অন্য টুর্নামেন্টের প্রস্তুতির প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হবে না।" 

২০২১ সালে লা লিগে ছাড়ার সময় মেসিকে নেয়ার জন্য জন্য প্রস্তাব দিয়েছিল আল হিলাল। কিন্তু মেসি লোভনীয় সে প্রস্তাব প্রত্যাখ্যান করে প্যারিসে যাওয়ার সিদ্ধান্ত নেন। দুবছর সেখানে কাটিয়ে ২০২৩ সালে যোগ দেন ইন্টার মায়ামিতে। সম্প্রতি মেসি ২০২৮ পর্যন্ত চুক্তি বাড়িয়েছেন মায়ামির সঙ্গে।