আন্তর্জাতিক মঞ্চ থেকে বাংলাদেশের যত অর্জন তার বেশিরভাগই এসেছে শুটারদের হাত ধরে। এ ছাড়া সাম্প্রতিক বছরগুলোতে দেশকে সাফল্য এনে দিচ্ছেন আর্চাররা। তবে ৭ নভেম্বর থেকে সৌদি আরবের রিয়াদে শুরু হতে যাওয়া ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের জন্য পদক প্রসবা দুটি ডিসিপ্লিন থাকছে না। এ কারণে এ আসরে পদকের আগাম কোনো আশার কথা বলছেন না রিয়াদগামী দলের সদস্যরা। ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশ বহরের শেফ দ্য মিশন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির বললেন, ‘আমি এখনই কিছু বলতে পারছি না। আবার পদকের আশাও ছাড়ছি না।’
সলিডারিটি গেমসে বাংলাদেশের প্রাপ্তিযোগ হাতেগোনা। আগের পাঁচ গেমসে বাংলাদেশ জিতেছে আটটি পদক। ২০১৩ সালে ইন্দোনেশিয়ার পালেমবাংয়ে একটি রৌপ্য পদক ও একটি ব্রোঞ্জ পদক জেতে বাংলাদেশ। ২০১৭ সালে আজারবাইজানের বাকুতে প্রাপ্তি একটি করে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক। ২০২১ সালে তুরস্কের কোনিয়া শহরে বসেছিল ইসলামিক সলিডারিটি গেমসের সর্বশেষ আসর। সেখানে বাংলাদেশ জিতেছিল একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক। তিনটিই এসেছিল আর্চারি থেকে। রিয়াদে এবার বাংলাদেশের ৩৬ জন অংশ নেবেন ১০ ডিসিপ্লিনে। মার্চপাস্টে বাংলাদেশের পতাকা থাকবে ভারোত্তোলক মাবিয়া আক্তার ও টিটি খেলোয়াড় মুহতাসিন আহমেদের হাতে।