সাদা বলের সিরিজ খেলতে ডিসেম্বরে ভারতে যাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ নারী ক্রিকেট দল ডিসেম্বরের মাঝামাঝি ভারতে সফরে যাচ্ছে সাদা বলের সিরিজ খেলতে। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ থাকবে, যা আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি)-এর অংশ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা বৃহস্পতিবার নিউজ পোর্টাল ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই বোর্ডের মধ্যে সূচি চূড়ান্ত করার আলোচনা চলছে। সিরিজের ম্যাচগুলো কলকাতা ও কটকে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই ওয়ানডে সিরিজ দিয়েই উভয় দলের নতুন আইসিসি নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপ চক্রের সূচনা হবে।

বিসিবির এক কর্মকর্তা বলেন, “আমরা প্রাথমিকভাবে ১৪ বা ১৫ ডিসেম্বর ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এখনো চূড়ান্ত হয়নি, তবে স্বাগতিক বোর্ড আমাদের সে অনুযায়ী প্রস্তুত থাকতে বলেছে।”

জ্যোতি, মারুফা ও নাহিদা খেলবেন না এনসিএলে

বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আগেই জানিয়েছেন, আসন্ন জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলবেন না তিনি। ফিটনেস উন্নত করার দিকেই তার মনোযোগ থাকবে।

এছাড়া, বিসিবির এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ও পেসার মারুফা আক্তারও এনসিএলে খেলবেন না। আগামী ৮ নভেম্বর বিকেএসপিতে শুরু হচ্ছে টুর্নামেন্টটি। দুজনকেই বিশ্রাম দেওয়া হয়েছে ওয়ার্কলোড ব্যবস্থাপনার অংশ হিসেবে।

জানা গেছে, বিশ্বকাপে নাহিদা আঘাত পেয়েছিলেন, আর মারুফার ক্ষেত্রে দল ব্যবস্থাপনা মনে করছে—টুর্নামেন্টজুড়ে প্রচুর পরিশ্রমের পর কিছুটা বিশ্রাম প্রয়োজন তার।

বাংলাদেশ নারী দল আইসিসি নারী বিশ্বকাপে সাত ম্যাচের মধ্যে মাত্র একটি জয় পেয়েছিল এবং আট দলের মধ্যে সপ্তম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে।