লিটনদের আজ সান্তনার জয় নাকি হোয়াইটওয়াশের লজ্জা

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ১১:০৪ এএম

তিন ম্যাচের দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ সবশেষ হোয়াইটওয়াশ হয়েছে চলতি বছরের মে-জুনে পাকিস্তান সফরে। আবারও হোয়াইটওয়াশের শঙ্কা বাংলাদেশের সামনে। আজ চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে হারলে হোয়াইটওয়াশের লজ্জা পেতে হবে বাংলাদেশকে। অথচ এই উইন্ডিজকে তাদের মাটিতে ২০২৪’র ডিসেম্বরে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে হোয়াটওয়াশ হওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে সিরিজ হেরেছিল বাংলাদেশ। তবে এশিয়া কাপের আগে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের সঙ্গে সিরিজ জয়ে এই ফরম্যাটে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। পরে টি-টোয়েন্টি ফরম্যাটেই হওয়া এশিয়া কাপে ব্যর্থ হয় বাংলাদেশ। এরপর আফগানদের বিপক্ষে সিরিজ জিতলেও ক্যারিবিয়ানদের বিপক্ষে ফের হতাশা।

আর বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচগুলো হারের মূল কারণ বলতে গেলে ব্যাটিং। ব্যাটসম্যানদের ব্যর্থতাতেই বেশিরভাগ ম্যাচ হারছে বাংলাদেশ। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দুই ম্যাচেই ব্যর্থ হন ব্যাটসম্যানরা। প্রথম ম্যাচের পর লিটন সমালোচনা করেছিলেন শামীম পাটোয়ারীর। তাতে কাজ হয়নি, দ্বিতীয় ম্যাচেও তিনি ফেরেন এক রানে। তাই আজ শেষ ম্যাচে শামীম সুযোগ পাবেন কি না, সেটি নিয়ে আছে প্রশ্ন। একাদশে ফিরে ধীরগতির ইনিংস খেলে সমালোচিত হচ্ছেন জাকের আলীও।

আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে ডট বলের সুযোগ যেমন নেই তেমনি মারকাটারি ব্যাটিংয়েরও বিকল্প নেই। অথচ টি-টোয়েন্টিতে দুটির কোনোটি করতে পারছেন না বাংলাদেশের ব্যাটসম্যানরা। সাদা বলের ক্রিকেটে ফরম্যাট যাই হোক নিজেদের ব্যাটিং ইনিংসের অর্ধেক বল ডট খেলাটা অভ্যাসে পরিণত করে ফেলেছে বাংলাদেশ। মিরপুরে স্পিননির্ভর উইকেটে হয় সমালোচনা। চট্টগ্রামের তুলনামূলক ভালো উইকেটেও বদলায়নি বাংলাদেশের ব্যাটিং। প্রথম টি-টোয়েন্টিতে ১২০ বলের মধ্যে ৪৮টি ডট বল খেলেছেন ব্যাটসম্যানরা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে সেটার সংখ্যা ৪৮! মাঝের ওভারগুলোতে বেশি ডট বল খেলার ফলে শেষের দিকে চাপে পড়ছেন। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর তানজিদ তামিম বলেন, ‘হয়তোবা আমাদের জন্য একটা খারাপ সময় যাচ্ছে। আমরা ব্যাটাররা ধারাবাহিকভাবে ক্লিক করতে পারছি না। আমাদের খুঁজে বের করতে হবে আমরা কীভাবে ধারাবাহিক হতে পারি এবং মিডল ওভারগুলোতে কীভাবে আরও ডট বলের সংখ্যা কমিয়ে আরও স্ট্রাইক রোটেট করে খেলাটাকে বড় করতে পারি। আমাদের সবাইকে বসে এটা খুঁজে বের করতে হবে।’

প্রশ্ন হচ্ছে আজ সেই উপায় বাংলাদেশ খুঁজে পাবে তো? নাকি হোয়াটওয়াশের লজ্জা নিয়েই শেষ করতে হবে উইন্ডিজ সিরিজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত