ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান রাজনৈতিক কারণে দেশে ফিরতে পারছেন না। ভিন্ন মতাদর্শী হয়েও সম্প্রতি তার উচ্ছসিত প্রশংসা করেছেন সঙ্গীতশিল্পী, সাবেক ক্রিকেটার এবং বর্তমান বিসিবি পরিচালক আসিফ আকবর। তবে আসিফের এই প্রশংসা ভালোভাবে গ্রহণ করেননি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
গতকাল বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবকে নিয়ে আসিফ বলেছিলেন, ‘সাকিবের ব্যক্তিত্ব, ব্যক্তিগত ইস্যুগুলো ওর ব্যাপার। ব্যক্তিগতভাবে খারাপ কি ভালো সেটা অন্য ইস্যু। সেটার জন্য কোর্ট আছে, সমাজ আছে। একজন খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসান বাংলাদেশের ব্র্যান্ড। আগামী ১০০ বছরে একটা সাকিব পাব কি না, আমরা জানি না। তবে সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান।’
আসিফের সেই বক্তব্য নিয়ে একটা নিউজের লিংক নিজের ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করে শফিকুল আলম লিখেছেন, ‘কথা সত্য। আগামী ১০০ বছরেও এই রকম খুনি-পূজারী, চোর চোট্টা ও স্টক মার্কেট ডাকাত ক্রিকেটার আসবে না।’
সাকিবের বিরুদ্ধে শফিকুল আলমের এমন অবস্থান অবশ্য নতুন কিছু নয়। এর আগে তিনি ফেসবুকে লিখেছিলেন, ‘সাকিব বাংলাদেশের সর্বকালের সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার হতে পারেন। কিন্তু প্রতিভা ও জাতীয় দলের হয়ে পারফর্ম করা কিন্তু দায়মুক্তি দেয় না। একটি সরকারের পাশে দাঁড়িয়ে—যাদের বিরুদ্ধে জাতিসংঘ নিজ দেশের জনগণের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে—তিনি দেশের ইতিহাসের কিছু অন্ধকার অধ্যায়কে বৈধতা দিয়েছেন। এই মুহূর্তে, তার কর্মকাণ্ডের সবচেয়ে যুক্তিসংগত ব্যাখ্যা হল লোভ। তার রাজনৈতিক পদক্ষেপে বিতর্কিত ব্যক্তিত্বদের সাথে তার সম্পর্ক সবকিছু একই দিক নির্দেশ করে। সেটি হলো ব্যক্তিগত লাভ, জনসেবা নয়।’