একে একে সবাই বিদায় নিচ্ছে, আমারও সময়ও ঘনিয়ে আসছে: মেসি

বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ার কাটিয়ে, সব ধরনের শিরোপা আর পুরস্কার জয় করে লিওনেল মেসি এখন শেষের দিন গুনছেন। সতীর্থদের মাঝে অনেকেই অবসর নিয়েছেন। অনেকেই অবসরের প্রস্তুতি নিচ্ছেন। যেমন মেজর লিগ সকারের (এমএলএস) চলতি মৌসুম শেষে অবসরে যাচ্ছেন। দুই কিংবদন্তি সের্জিও বুসকেটস ও জর্দি আলবা। এ খবর শুনে আবেগাপ্লুত হয়েছেন তাদের দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু লিওনেল মেসি।

ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘সত্যি বলতে এটা খুব কঠিন সময়। যখন তুমি বুঝতে পারো তোমার পুরো জীবনটা ফুটবলেই কেটেছে, আর একে একে তোমার চারপাশের মানুষগুলো বিদায় নিচ্ছে, তখন নিজের সময় ঘনিয়ে আসছে—এটাই মনে হয়। আমরা মাঠে ও মাঠের বাইরে সবসময় একে অপরের সঙ্গী ছিলাম। শুধু সতীর্থ নয়, পারিবারিক সম্পর্কও গড়ে উঠেছিল। তাই এটা শুধু সতীর্থ নয়, বন্ধু হারানোর কষ্টও।’

মেসি, বুসকেটস ও আলবা—তিনজনই বার্সেলোনার ইতিহাসে এক স্বর্ণযুগের প্রতীক। ক্লাব ফুটবলে তারা একসঙ্গে অসংখ্য সাফল্যের অংশীদার। বর্তমানে তিনজনই খেলছেন ইন্টার মায়ামির হয়ে। বুসকেটস ও আলবা অবসরের সিদ্ধান্ত নিলেও মেসি ২০২৮ সাল পর্যন্ত মায়ামিতেই থাকছেন। তবুও আর্জেন্টাইন মহাতারকা জানেন, ‘একদিন এই প্রিয় খেলা থেকেও আমাকে বিদায় নিতে হবে। আর বন্ধুদের চলে যেতে দেখা সেই দিনের আগমন আরও কাছে নিয়ে আসে।’