‘রিয়াল মাদ্রিদ চুরি করে জেতে’ —এমন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। তবে সেই মন্তব্যের পর এল ক্লাসিকোতে রিয়ালের কাছে ২–১ গোলে হেরে যায় বার্সেলোনা। ইয়ামালকে নিয়ে শুরু হয় ট্রোলিং। এবার তাকে নিয়ে মুখ খুললেন সাবেক ডাচ তারকা ও ১৯৮৭ সালের ব্যালন ডি’অরজয়ী রুড গুলিট।
১৮ বছর বয়সী ইয়ামাল ক্লাসিকোর আগে রিয়াল মাদ্রিদকে ‘অভিযোগপ্রিয়’ ও ‘চুরির মাধ্যমে জয়ী দল’ বলে আখ্যা দিয়েছিলেন। রিয়ালের জয় শেষে দলের ডিফেন্ডার দানি কারভাহাল মাঠেই তাঁর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। ম্যাচে ইয়ামালের পারফরম্যান্সও হতাশাজনক ছিল। সান্তিয়াগো বার্নাব্যুতে তার এক্সপেকটেড গোল ছিল মাত্র ০.০৩, আর এক্সপেকটেড অ্যাসিস্ট ছিল ০.৩৭, যা বড় ম্যাচের মানদণ্ডে অনেক নিচে।
স্পোর্টি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে অল্প বয়সেই ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ইয়ামালকে শিক্ষা নিতে বলেছেন রুড গুলিট। তরুণ উইঙ্গারকে সরাসরি সতর্ক করে তিনি বলেন, ‘লামিনে ইয়ামালের উচিত মুখ বন্ধ করে ফুটবল খেলার দিকে মন দেওয়া। অল্প বয়সেই অতিরিক্ত আত্মবিশ্বাস অনেক সময় ক্যারিয়ারের ক্ষতি ডেকে আনে। এই ব্যর্থতা থেকে সে শিক্ষা গ্রহণ করুক।’
এদিকে স্প্যানিশ গণমাধ্যম ‘এল চিরিনগুইতো’ জানিয়েছে, ইয়ামাল আসলে চোট নিয়ে খেলেছেন। প্রায় দুই সপ্তাহ ধরে তিনি পিউবালজিয়া নামের একটি পেশির জটিলতায় ভুগছেন। এ কারণেই বার্সেলোনা মেডিকেল টিম বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে বলে জানা গেছে। বার্সেলোনার সহকারী কোচ মার্কাস জর্গ বলেছেন, ‘রিয়াল মাদ্রিদ ওদের পরিকল্পনামাফিক ইয়ামালকে আটকে রেখেছিল। সে এখনো শিখছে কীভাবে অনেক দর্শক ও চাপের মধ্যে নিজেকে সামলাতে হয়।’
জেমিমা বুঝিয়ে দিলেন মাহমুদউল্লাহর সেই উদযাপন কতটা দৃষ্টিকটু ছিল
মেসিদের জন্য ১২ মিলিয়ন ইউরো খরচ করছে অ্যাঙ্গোলা!