হিজবুল্লাহ নেতা

যুক্তরাষ্ট্র নিরপেক্ষ নয়, বরং আগ্রাসীদের পক্ষেই কাজ করে

লেবাননের সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে ভণ্ডামি আখ্যা দিয়েছেন হিজবুল্লাহর উপমহাসচিব নাঈম কাসেম। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র দাবি করে, তারা লেবাননের সমস্যার সমাধান করতে চায়। কিন্তু বাস্তবে তারা কোনো নিরপেক্ষ মধ্যস্থতাকারী নয়; বরং আগ্রাসীদের পক্ষে দাঁড়িয়ে লেবাননে অস্থিতিশীলতা ছড়াতে চায়।’

শুক্রবার বৈরুতের দাহিয়েহ এলাকায় ঐতিহ্যবাহী লেবানিজ খাবারের প্রদর্শনী “আরদি” (আমার ভূমি) উদ্বোধনের সময় তিনি এ মন্তব্য করেন।

নাঈম কাসেম বলেন, ‘ইসরায়েল লেবাননের জনগণ ও সেনাবাহিনীর ওপর হামলা চালালেও যুক্তরাষ্ট্র একবারও তার নিন্দা করেনি। এতে প্রমাণ হয়, তারা লেবাননের শান্তি চায় না, বরং ইসরায়েলের আগ্রাসন টিকিয়ে রাখতে চায়।’

তিনি আরও বলেন, ‘দক্ষিণ লেবাননের জনগণই দেশের প্রকৃত রক্ষক। তারা নিজেদের ভূমি রক্ষায় বড় ত্যাগ স্বীকার করেছে, অথচ যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সেই বাস্তবতাকে স্বীকার করছে না।’

কৃষির গুরুত্ব তুলে ধরে কাসেম বলেন, ‘লেবাননের রাষ্ট্রীয় বাজেটের মাত্র ০.৪৫ শতাংশ কৃষিখাতে দেওয়া হয়। অথচ ভূমি রক্ষা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কৃষি অপরিহার্য।’

ইসরায়েলি আগ্রাসন সম্পর্কে তিনি বলেন, ‘ইসরায়েল যত অপরাধই করুক, আমাদের প্রতিরোধের মনোবল ভাঙতে পারবে না। ভয় দেখিয়ে আমাদের অবস্থান বদলানো যাবে না। আমরা আত্মসমর্পণ করব না।’

নাঈম কাসেম লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের প্রশংসা করে বলেন, ‘ইসরায়েলি হামলার জবাব দিতে সেনাবাহিনীকে যে নির্দেশ দেওয়া হয়েছে, তা জাতীয় দায়িত্ব পালনের দৃষ্টান্ত।’

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, ‘আমরা কারও নির্দেশে কাজ করি না। লেবাননকে শত্রুর ইচ্ছেমতো গড়া কখনোই মেনে নেওয়া হবে না।’