ফেনীতে দ্বিতীয় কারাগারের কার্যক্রম চালু, কয়েদিদের ফুল দিয়ে বরণ

ফেনীর পুরাতন কারাগার-২ হিসেবে কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১ নভেম্বর) শহরের মাস্টার পাড়ায় চালু হয়েছে দ্বিতীয় এ কারাগারের কার্যক্রম। জানা গেছে, চট্টগ্রাম বিভাগের ৮ জেলা কারাগার থেকে বিশেষ বন্দিদের ফেনী কারাগার-২ এ স্থানান্তর করা হবে। এর মধ্যে ফেনী কারাগার-১ থেকে স্থানান্তর করা হয় ২১ জনকে। বন্দি স্থানান্তর প্রক্রিয়া তদারকি করছেন ফেনী জেলা কারাগার-২ এর সুপার মো. দিদারুল আলম।

ফেনী কারাগার-২ এর জেল সুপার মো. দিদারুল আলম জানান, কারাগারকে অপরাধীদের জন্য সংশোধনাগার হিসেবে বাস্তবে রূপ দিতে চায় রাষ্ট্র। তারই অংশ হিসেবে দেশের চার জেলায় (ফেনী, পিরোজপুর, মাদারীপুর ও কিশোরগঞ্জ) চারটি পৃথক কারাগার প্রতিষ্ঠার কাজ চলছে৷ তার অংশ হিসেবে ফেনীতে ১ নভেম্বর দ্বিতীয় কারাগারের যাত্রা শুরু হচ্ছে। অন্য তিনটির কাজ এখনও শেষ না হওয়ায় সেগুলো এখনই চালু হচ্ছে না।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে চট্টগ্রাম বিভাগের ১২ জেলার কারাগারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত বন্দিদের ফেনী কারাগার-২ এ স্থানান্তর করা হবে।

প্রাথমিকভাবে ৮ জেলার কারাগার থেকে ফেনীতে বন্দি স্থানান্তরকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সহযোগিতা করবে বলে জানান, ফেনী কারাগার-২ এর জেল সুপার মো. দিদারুল আলম। দ্বিতীয় কারাগার চালু হওয়ার মধ্য দিয়ে নতুন অধ্যায়ের সূচনা হয়। এতে করে মানবেতর জীবনযাপন থেকে রেহাই পাবে বন্দিরা। এ ছাড়া বিভিন্ন অপরাধের আসামিদের মধ্যে মেলবন্ধনের সুযোগ হ্রাস পাবে। এতে করে অপরাধ প্রবণতা কমে মুক্তি পাওয়া বন্দিরা কর্মসংস্থানের পথ খুঁজে পাবেন।