ফিতনা, বিভেদ সৃষ্টিকারীদের থেকে দূরে থাকতে হবে: সালাউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশে নির্বাচনের আগে কিছু কিছু রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে রাজনীতি করতে চায়। এতে দেশের ক্ষতি হয়। আমরা মদিনার ইসলামের চর্চা করি। আমরা মওদুদী ইসলামের অনুসারী না। যারা ফিতনা সৃষ্টি করে বিভেদ করতে চায় তাদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে। ইসলাম নিয়ে রাজনীতি করা যাবে না।

শনিবার (১ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জ শহরের ইসদাইরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কাশেমী পরিষদ আয়োজিত ‘আজমাতে সাহাবা’ নামে সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের শিক্ষা নিতে হবে বিগত আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকার ইসলাম, মুসলিম ও আলেম বিদ্বেষী রাজনীতি করত। তাদের নির্মম পতন হয়েছে। তাই আমাদের আদর্শের রাজনীতি করতে হবে যাতে আওয়ামী লীগের অপরাজনীতি বিলুপ্ত হয়। আমাদের ভালো রাজনীতির সংস্কৃতি চালু করতে হবে। এতেই দেশে অপরাজনীতি বিদায় হবে।

মহাসমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা জমিয়তে ওলামা ইসলামের সভাপতি মুফতি মাওলানা মনির হোসেন কাশেমী। বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের খলিল আহমাদ কুরাইশী, জমিয়তে ওলামা ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব নাসিরউদ্দিন মনির, নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুল ও মাসুদুজ্জামান মাসুদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ, যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, হেফাজত ঢাকা মহানগরের সভাপতি জুনায়েদ আল হাবিব প্রমুখ।