ফেনীর সোনাগাজীতে প্রতিবন্ধী বিধবাকে ধর্ষণের অভিযোগে জসিম উদ্দিন নামে এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (০১ নভেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ভুক্তভোগীর চাচী বাদী হয়ে এ ঘটনায় মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
গ্রেপ্তার জসিম উদ্দিন উপজেলার চরলক্ষিগঞ্জ গ্রামের বাসিন্দা।
মামলার এজহারে জানা গেছে, গত ২৯ অক্টোবর (বুধবার) প্রতিবন্ধী ওই বিধবা নারীকে ফুঁসলিয়ে বাড়ির পাশে বাগানে নিয়ে ধর্ষণ করে। এসময় তার চিৎকারে বাড়ির লোকজন গিয়ে গেলে অভিযুক্ত জসিম উদ্দিন পালিয়ে যায়। এ ঘটনার পর অভিযুক্ত জসিম তার লোকজন দিয়ে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা চালায়। ব্যর্থ হয়ে টাকা দিয়ে সমঝোতা করার চেষ্টা করে। পরে স্থানীয়রা পুলিশকে অবহিত করলে জসিমের সব চেষ্টা ব্যর্থ হয়।
তবে অভিযুক্ত জসিমের পরিবার ঘটনাটি সাজানো দাবি করে এলাকার সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে তাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর অভিযোগ করেছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান,ঘটনাটি জানার পর ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে শারীরিক পরীক্ষা শেষে পরিবারের জিম্মায় দেওয়া হয়। মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।