মুম্বাইয়ে আগামীকাল নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। নারী বিশ্বকাপে প্রথমবার চ্যাম্পিয়ন হতে পারে ভারত, তাই স্বাগতিক দেশের দর্শকদের মধ্যে টিকিট নিয়ে রীতিমতো কাড়াকাড়ি চলছে।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআই বলছে, ফাইনালের টিকিটের জন্য ডিওয়াই পাতিল স্টেডিয়ামের কাউন্টারের সামনে লম্বা লাইন। তবে কাল স্থানীয় সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচের জন্য অফলাইন টিকিট কখন ছাড়া হবে তা এখনো জানানো হয়নি। এছাড়া অনলাইনেও চলছে টিকিট বিক্রি। অতিরিক্ত চাহিদার কারণে টিকিটের দামও বেড়েছে।
নির্দিষ্ট একটি গ্যালারির প্রতিটি টিকিটের দাম প্রায় ২ লাখ টাকার কাছাকাছি! ভায়াগোগোর মতো ওয়েবসাইটগুলোতে কিছু টিকিট মিলছে যেখানে দাম ৬ হাজার ৫০০ থেকে শুরু করে ১ লাখ ৩০ হাজার রুপির বেশি (বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৮০ হাজার)।
অবশ্য দক্ষিণ আফ্রিকা ফাইনাল জিতলেও নতুন চ্যাম্পিয়ন পাবে ক্রিকেট বিশ্ব। অর্থাৎ যে দলই জিতুক নতুন করে লেখা হবে নারী ওয়ানডে বিশ্বকাপের ইতিহাস।