২০২৫ সালের নভেম্বর মাস এসে হাজির হয়েছে। শুরুর দিন থেকেই এ নভেম্বরে শুরু হয়ে গেছে দেশের ক্রীড়াঙ্গনের ব্যস্ততা। পুরো মাস জুড়েই নানা ডিসিপ্লিনের গুরুত্বপূর্ণ দেশি-বিদেশি খেলা নিয়ে ব্যস্ত থাকবে গোটা ক্রীড়াঙ্গন। দেশে-বিদেশে ফুটবল, ক্রিকেট, হকি, আরচারি, কাবাডি, টেনিসে নানা আন্তর্জাতিক টুর্নামেন্টের পাশাপাশি মাল্টি ডিসিপ্লিন গেমসে থাকবে বাংলাদেশের প্রতিনিধিত্ব। খেলাধুলায় বুঁদ হয়ে থাকার পাশাপাশি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির নির্বাচন, এশিয়ান ফুটবল কনফেডারেশন্সের সভাপতির ঢাকা সফর, বিশ্ব আরচারি, এশিয়ার নির্বাচনী কংগ্রেস আয়োজনের মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটতে চলেছে নভেম্বর জুড়ে। হামজা-ঋতুদের ব্যস্ততা ও এএফসি সভাপতির ঢাকা সফর : নভেম্বর মাসটা পুরুষ ও নারী জাতীয় দলের কাটবে ভীষণ ব্যস্ততায়। ১৩ নভেম্বর ঢাকায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্রীতি ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। এই ম্যাচ মূলত পরের সপ্তাহে ঢাকাতেই হতে যাওয়া এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশ-ভারত ম্যাচের প্রস্তুতি। ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে হবে দুই প্রতিবেশীর ফুটবল দ্বৈরথ। এই দুটি ম্যাচের জন্য ইতিমধ্যে শুরু হয়েছে জাতীয় দলের প্রস্তুতি। আগামীকাল স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা যোগ দেবেন দলের সঙ্গে। এএফসি টুর্নামেন্ট খেলে কুয়েত থেকে দেশে ফেরা বসুন্ধরা কিংসের খেলোয়াড়দেরও একই দিনে ক্যাম্পে আসার কথা রয়েছে। আর দুই প্রবাসী তারকা হামজা চৌধুরী ও শমিত সোম চলে আসবেন ৯-১০ নভেম্বরের মধ্যে। ২২ নভেম্বর চীনে শুরু হবে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্ব।
এ গ্রুপে আছে বাংলাদেশসহ ৬ দল। উদ্বোধনী দিনে তিমুর লিস্তের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৪, ২৬, ২৮ ও ৩০ নভেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ যথাক্রমে ব্রুনেই, শ্রীলঙ্কা, বাহরাইন ও চীন। আন্তর্জাতিক ব্যস্ততা শেষে জামাল, তপুদের বিশ্রামের সুযোগ থাকছে না। ভারতের বিপক্ষে ম্যাচ শেষে ২৪ নভেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ ফুটবল লিগের তৃতীয় রাউন্ডের খেলা। নভেম্বরে হবে লিগের দুই রাউন্ডের খেলা। এছাড়া ৮ নভেম্বর চলমান জাতীয় চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল শুরুর পরিকল্পনা আছে বাফুফের। এ মাসে দুটি বয়সভিত্তিক জাতীয় চ্যাম্পিয়নশিপও হওয়ার কথা আছে। এদিকে আগামী বছর দুটি এশিয়ান কাপের মূল পর্বকে সামনে রেখে ৪ নভেম্বর নারী ফুটবলারদের ক্যাম্প বিরতি শেষে শুরু হবে চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড-এ। এরই ধারাবাহিকতায় নভেম্বরের শেষ সপ্তাহে ঢাকায় বাংলাদেশ, আজারবাইজান ও মালয়েশিয়াকে নিয়ে হবে ত্রিদেশীয় টুর্নামেন্ট। মালয়েশিয়ার সঙ্গে ঋতুদের ম্যাচ দিয়ে এই আসর শুরুর সম্ভাব্য তারিখ ২৬ নভেম্বর। এর আগে ১৯ নভেম্বর মালয়েশিয়ায় হবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল পর্বের ড্র।
সেদিন জানা যাবে এ আসরে বাংলাদেশের প্রতিপক্ষ কারা। নভেম্বরে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খালিফা চারদিনের সফরে ঢাকায় আসবেন। তার সফর শুরু হবে ২৩ নভেম্বর থেকে। তার সফরসঙ্গী হতে ২০৩৪ ফিফা বিশ্বকাপ আয়োজক সৌদি আরব ফুটবল ফেডারেশনের সভাপতি ইসায়ের আল মিসেহালকে বিশেষ দাওয়াত দিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। দেশের ফুটবলের জন্য এএফসি ও সৌদি ফেডারেশনের সভাপতির সফর হয়ে উঠতে পারে ভীষণ তাৎপর্যপূর্ণ। লিটন-শান্তদের ব্যস্ততা আইরিশদের নিয়ে : অক্টোবরের শেষ দিনে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে স্বাগতিক বাংলাদেশ। সেই লজ্জা ভুলতে নভেম্বরে তারা সামনে পাচ্ছে দুর্বল আয়ারল্যান্ডকে। ১১ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিপক্ষীয় সিরিজ। সেদিন সিলেট বিভাগীয় স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ১৯ নভেম্বর। ২৭ নভেম্বর তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। এই ধারাবাহিকতায় দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর। এছাড়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মধ্যে চলমান ওয়ানডে সিরিজের শেষ তিনটি ম্যাচ রাজশাহীতে হবে ৩, ৬ ও ৯ নভেম্বর।
পুরো নভেম্বর জুড়েই চলবে জাতীয় ক্রিকেট লিগ (চারদিনের ম্যাচ)। ১৮ নভেম্বর (সম্ভাব্য) হতে পারে আসন্ন বিপিএলের প্লেয়ার ড্রাফট। ওয়ানডে বিশ্বকাপ খেলে আসা নারী ক্রিকেটার এই নভম্বরে মাঠে ফিরবেন জাতীয় ক্রিকেট লিগ (দুদিনের ম্যাচ) দিয়ে। সিনিয়রদের বিশ্বকাপ প্লে-অফ, যুবাদের হকি বিশ্বকাপ : হকি বিশ্বকাপ বাছাইয়ে নাম লেখাতে হলে নভেম্বরে পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচ প্লে-অফ সিরিজ খেলতে হবে বাংলাদেশ সিনিয়র হকি দলকে। ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামে ১৩, ১৪ ও ১৬ নভেম্বর হবে এই অসম লড়াই। এদিকে প্রথমবারের মতো বাংলাদেশ জুনিয়র বিশ্বকাপে সুযোগ পেয়েছে। ভারতের তামিলনাড়ুতে এ আসরে অংশ নিতে যুব হকি দল দেশ ছাড়বে ১৮ নভেম্বর। ২৮ নভেম্বর থেকে শুরু হবে ছোটদের (অনূর্ধ্ব-২১) বিশ্বকাপ হকি। আঙিনায় নারী কাবাডি বিশ্বকাপ : দুবার চেষ্টা করেও ভারত পারেনি নারী বিশ্বকাপের দ্বিতীয় আসর আয়োজন করতে। ভারতের অপারগতায় এ আসর আয়োজনের সুযোগ পেয়েছে বাংলাদেশ। ১৫ থেকে ২৫ নভেম্বর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোরে অনুষ্ঠিত হবে ১২ দলের দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ। প্রথমবারের মতো কাবাডির কোনো বৈশ্বিক আসর আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ : ৭ থেকে ১৪ নভেম্বর ৪৫টির বেশি দেশের তিন শতাধিক আরচার নিয়ে ঢাকা জাতীয় স্টেডিয়াম ও আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ।
১২ নভেম্বর পর্যন্ত টুর্নামেন্টের খেলা চলবে ঢাকা স্টেডিয়ামে। শেষ দুদিনের খেলা হবে আর্মি স্টেডিয়ামে। এ ছাড়া ঢাকায় ৮ নভেম্বর ওয়ার্ল্ড আরচারি-এশিয়া অঞ্চলের নির্বাচনী কংগ্রেস অনুষ্ঠিত হবে। এই কংগ্রেসে সভাপতি পদে প্রার্থী হয়েছেন বাংলাদেশে আরচারির প্রবর্তক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। দীর্ঘ ৮ বছর বিশ্ব আরচারি এশিয়ার সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালনের পর তিনি সভাপতি পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। শীর্ষ পদে তার প্রতিদ্বন্দ্বী কোরিয়ান। ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের ৩৭ : ৭ থেকে ২১ নভেম্বর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হবে ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমস। এই আসরের ১০টি ডিসিপ্লিনে বাংলাদেশের ৩৭ জন ক্রীড়াবিদ অংশ নেবেন। মুসলিম বিশ্বের কাছে এই আসরের গুরুত্ব অনেক। তবে কখনই এই গেমসে খুব বেশি সাফল্য পায়নি বাংলাদেশ। পাঁচটি গেমসে অংশ নিয়ে পদকপ্রাপ্তি মাত্র ৮টি। ভারতে দাবা বিশ্বকাপ, ঢাকায় জিএম টুর্নামেন্ট : পয়লা নভেম্বর থেকে ভারতে শুরু হয়েছে ফিদে দাবা বিশ্বকাপ।
বাংলাদেশের দুই আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও মনন রেজা নীড় এ আসরে অংশ নিচ্ছেন। ফাহাদ ও নীড় আজ ও কাল দুটি করে ম্যাচ খেলবেন। দুই ম্যাচ থেকে দেড় পয়েন্ট পেলে তারা পরবর্তী রাউন্ডের যোগ্যতা অর্জন করবেন। ১৪ নভেম্বর থেকে ঢাকায় হবে আমন্ত্রণমূলক গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট। লিওনাইন ক্লাবের আয়োজনে এই আসর থেকে রেটিং পয়েন্ট বাড়ানো ও নর্ম পাওয়ার সুযোগ পাবেন স্থানীয় দাবাড়ুরা। বাহরাইনে ডেভিস কাপ টেনিস : টেনিস দুনিয়ায় বাংলাদেশের দৌড় ডেভিস কাপ পর্যন্ত। এবার ১৭ নভেম্বর বাহরাইনে শুরু হবে ডেভিস কাপ। যেখানে অংশ নিতে ১৩ নভেম্বর দেশ ছাড়বে টেনিস দল। বিওএ বহুল আলোচিত নির্বাচন : দেশের অলিম্পিক আন্দোলনকে এগিয়ে নেওয়া বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন এই নভেম্বরে। বিশেষ সাধারণ সভায় নির্বাচনের তারিখ ছিল ২৯ নভেম্বর। অনিবার্য কারণে একদিন পিছিয়ে তা অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর। অর্থাৎ ব্যস্ত নভেম্বরের শেষ দিনে জানা যাবে চার বছরের জন্য অলিম্পিকের দায়িত্বে আসবেন কারা।