কুষ্টিয়ায় জুলাই-আগস্ট আন্দোলনের সময় ৬ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ ৪ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য রয়েছে আজ।
আজ রবিবার (২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন– অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
গত ২৮ অক্টোবর, ইনুর আইনজীবী মনসুরুল হক চৌধুরী তার বিরুদ্ধে আনা আটটি অভিযোগ পড়ে শুনানোর সময় এগুলোকে অমূল্য দাবি করে তার অব্যাহতির আবেদন করেন। তিনি ট্রাইব্যুনালকে অভিযোগগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখার অনুরোধও জানান। তবে ১৪ দলীয় জোটের শরিক নেতা হিসেবে ইনু দায় এড়িয়ে যেতে পারবে না বলে জানিয়েছে প্রসিকিউশন।
জুলাই-আগস্ট আন্দোলন দমন ও শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের মাধ্যমে ইনু কমান্ড রেসপনসিবিলিটি প্রমাণ করেছেন—এ কারণেই তার বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রার্থনা করা হয়। ২৩ অক্টোবর প্রসিকিউটর মিজানুল ইসলাম ইনুর বিরুদ্ধে আনা ৮টি অভিযোগ পড়ে শোনান এবং বিচার শুরুর আবেদন করেন।
১৪ অক্টোবরের শুনানিতে, ইনুর পক্ষে আইনজীবী নাজনীন নাহার ট্রাইব্যুনালে সময় চেয়ে জানান, মোট ১৭০০ পৃষ্ঠার অভিযোগপত্র পড়া এবং প্রিভিলেজ কমিউনিকেশনের জন্য ৮ সপ্তাহের প্রয়োজন। ট্রাইব্যুনাল পরে তিনদিন, দুই ঘণ্টা করে আসামির সঙ্গে কথা বলার অনুমতি দেন।
এর আগে, ২৯ সেপ্টেম্বর ইনুকে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল। কারাগার থেকে আনার পর তার বিরুদ্ধে ফরমাল চার্জের শুনানির জন্য প্রসিকিউশন এক সপ্তাহ সময় চান। আসামিপক্ষ আরও দু’দিন সময় চেয়েছিলেন। উভয়পক্ষের শুনানি শেষে ১৪ অক্টোবরের জন্য আদেশ ধার্য করেন ট্রাইব্যুনাল।
২৫ সেপ্টেম্বর ইনুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে ৮টি সুনির্দিষ্ট অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে শুনানি শেষে আদালত অভিযোগ আমলে নিয়ে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেন। গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে ইনুকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।
একই দিনে হানিফসহ ৪ আসামির পক্ষে অভিযোগ পড়ে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। তিনটি সুনির্দিষ্ট অভিযোগ পড়ে আসামিরা অব্যাহতির আবেদন করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করেন। হানিফের সঙ্গে অন্য তিনজন আসামি হলেন– কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, আবদুস সোবহান তরফদার, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যান্যরা।
৬ অক্টোবর হানিফসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয় এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ৫ অক্টোবর প্রসিকিউশন তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ দাখিল করে, যার মধ্যে রয়েছে উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা।
জুলাই-আগস্ট আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। এই ঘটনার পরই হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। তদন্ত প্রতিবেদন দাখিলের পর প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।