মায়ামির পরাজয়ের ম্যাচে মেসির স্বান্তনাসূচক গোল

গোল পেলেন লিওনেল মেসি, কিন্তু জেতাতে পাররেন না দলকে। তার শেষ মুহূর্তের গোল ইন্টার মায়ামিকে পরাজয় থেকে রক্ষা করতে পারেনি। এমএলএস প্লে-অফের দ্বিতীয় ম্যাচে ন্যাশভিল এসসি ২-১ ব্যবধানে হারিয়েছে মেসিদের দলকে। ফলে তিন ম্যাচ সিরিজে এখন ১-১ সমতা।

শনিবার টেনেসির বৃষ্টিভেজা জিওডিস পার্কে ম্যাচের নবম মিনিটেই ন্যাশভিল এগিয়ে যায়। পেনাল্টি থেকে স্যাম সারিজের নিচু শট মায়ামির গোলরক্ষক রোকো রিওস নোভোকে ফাঁকি দেয়। প্রথমার্ধের শেষ মুহূর্তে জশ বাউয়ার কর্নার থেকে হানি মুখতারের পাস পেয়ে বাম পায়ে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন (২-০)।

দ্বিতীয়ার্ধে ইন্টার মায়ামি আক্রমণাত্মক হয়ে ওঠে। ৬৬তম মিনিটে লুইস সুয়ারেজের কাছ থেকে নেওয়া শট ন্যাশভিল গোলরক্ষক জো উইলিস ঠেকিয়ে দেন। এরপর ইয়ান ফ্রের শটও ডিফেন্ডারদের গায়ে লেগে ফিরে আসে। শেষ মুহূর্তে মেসি নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন। 

৮৫ ও ৮৬ মিনিটে দুটি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ৮৯তম মিনিটে অবশেষে গোল পান আর্জেন্টাইন মহাতারকা। রদ্রিগো দে পলের পাস পেয়ে ডান দিক থেকে বাঁ পায়ে চমৎকার শটে বল জালে পাঠান। তবে সেই গোল ম্যাচ বাঁচানোর জন্য যথেষ্ট হয়নি।

সিরিজের প্রথম ম্যাচে মেসির জোড়া গোলে ৩-১ ব্যবধানে জিতে এগিয়ে ছিল ইন্টার মায়ামি। এখন তৃতীয় ম্যাচেই ঠিক হবে কোন দল যাবে পরের রাউন্ডে। গত বছরও এমন অবস্থায় পড়ে মায়ামি বিদায় নিয়েছিল—তাদের ভক্তরা তাই এবার একই পরিণতি এড়াতে চায়।