মার্তিনেজের ভুলে সালাহর ২৫০তম গোল; অবশেষে জিতল লিভারপুল

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১০:০৩ এএম

দীর্ঘদিন পর আনফিল্ডে আবারও শোনা গেল লিভারপুল সমর্থকদের গর্জন। টানা ব্যর্থতার ছায়া কাটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে অবশেষে জয় পেল আর্নে স্লটের দল। অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারিয়ে রেডসরা ফিরে পেল তাদের হারানো আত্মবিশ্বাস। গোল করেছেন মোহাম্মদ সালাহ ও রায়ান গ্রাভেনবার্গ। লিগে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেল লিভারপুল এবং পয়েন্ট টেবিলে উঠে এলো তৃতীয় স্থানে।

শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচের সেরা মুহূর্তটি আসে বিরতির আগে। অ্যাস্টন ভিলার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের ভুলে বল পেয়ে ফাঁকা জালে বল ঠেলে দেন সালাহ। ক্লাবের জার্সিতে এটা তার ২৫০তম গোল। লিভারপুলের ইতিহাসে তার আগে আছেন কেবল কিংবদন্তি ইয়ান রাশ (৩৪৬) ও রজার হান্ট (২৮৫)। বিরতির পর ৫৮ মিনিটে আরেকটি গোল করেন গ্রাভেনবার্গ।

২০১৭ সালে রোমা থেকে ৩৪ মিলিয়ন পাউন্ডে যোগ দেওয়া সালাহ এখন লিভারপুলের ইতিহাসে অন্যতম সফল খেলোয়াড়। তার হাত ধরেই ক্লাব জিতেছে দুইবার প্রিমিয়ার লিগ, একবার চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, লিগ কাপসহ আরও কয়েকটি আন্তর্জাতিক ট্রফি। তার প্রশংসায় কোচ আর্নে স্লট বলেন, ‘এক ক্লাবের হয়ে ২৫০ গোল অবিশ্বাস্য অর্জন। সালাহ আজ শুধু আক্রমণেই নয়, রক্ষণেও দারুণ অবদান রেখেছে।’

গত সাত ম্যাচে ছয় পরাজয়ে চাপে ছিলেন ডাচ কোচ আর্নে স্লট। তবে আনফিল্ডে সমর্থকদের উৎসাহ ও সমর্থনই যেন ফের জাগিয়ে তুলল দলটিকে। ম্যাচ শেষে স্লট বলেন, ‘সমর্থকদের ভালোবাসা আমার ও দলের জন্য অনেক বড় প্রেরণা। যখন আমরা কঠিন সময়ে ছিলাম, তখনও সমর্থকেরা আমাদের পাশে ছিলেন। এটাই লিভারপুলকে অন্য দলগুলো থেকে আলাদা করেছে।’

মোহাম্মদ সালাহ বলেন, ‘এই জয়টা খুব দরকার ছিল। আমরা কয়েকটি ম্যাচে হেরেছি, তাই ফিরে আসাটা দারুণ অনুভূতি। দলের নতুন খেলোয়াড়দের মানিয়ে নিতে সময় লাগবে, তবে সব ঠিক হয়ে যাবে।’ লিভারপুলের সামনে এখন আরও কঠিন পরীক্ষা। আগামী মঙ্গলবার অ্যানাফিল্ডে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তারা মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের। এরপর রবিবার তাদের প্রতিপক্ষ পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত