প্রতারক, মিথ্যাবাদী, অপরাধীসহ নানান অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্পকে ধুয়ে দিলেন হলিউডের বর্ষীয়ান অভিনেতা হ্যারিসন ফোর্ড। বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করা এই তারকা সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিষয়ে অবহেলার জন্য তার ব্যাপক সমালোচনা করেছেন। এমনকি বর্তমান মার্কিন প্রেসিডেন্টকে তিরস্কার করে ইতিহাসে ট্রাম্পের চেয়ে বড় অপরাধী তিনি দেখেননি বলে মন্তব্য করেন হ্যারিসন ফোর্ড।
শিকাগোর ফিল্ড মিউজিয়ামে পরিবেশ সুরক্ষা পুরস্কার গ্রহণের আগে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান-কে দেওয়া সাক্ষাৎকারে হ্যারিসন ফোর্ড বলেন, ‘ট্রাম্প অজ্ঞতা ও নির্বুদ্ধিতার সঙ্গে জলবায়ু পরিবর্তনের বাস্তবতাকে উপেক্ষা করছেন এবং আগের সরকারের পরিবেশনীতি ধ্বংস করে দিয়েছেন। ট্রাম্পের কোনো নীতি নেই; তিনি নিজের খেয়ালখুশি মতো চলেন, আর সেটাই আমাকে ভয় পাইয়ে দেয়। অজ্ঞতা, অহংকার, মিথ্যা, বিশ্বাসঘাতকতা- সব মিলিয়ে তিনি জানেন যে, তিনি কেবল বর্তমান ব্যবস্থার এক হাতিয়ার, যে শুধু টাকাই কামাচ্ছে, অথচ পৃথিবীকে ধীরে ধীরে নরকের দিকে ঠেলে দিচ্ছে। আমি ইতিহাসে তার চেয়ে বড় অপরাধী দেখিনি।’
অভিনেতা ট্রাম্পকে মিথ্যাবাদী অভিহিত করে তার সমালোচনায় আরও বলেন, ‘তিনি নিজের অবস্থান হারাচ্ছেন, কারণ যা বলেন সবই মিথ্যা। আমি নিশ্চিত, আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে পারব- যদি আমাদের আচরণ বদলাই, নতুন প্রযুক্তি উন্নয়ন করি এবং বাস্তব পদক্ষেপ নিই। তবে এজন্য রাজনৈতিক সদিচ্ছা ও নতুন সমাধান খোঁজার মানসিকতা দরকার।’
এই অভিনেতা আরও বলেন, ‘আমি এখন অনেক কিছুতেই আমেরিকা নিয়ে হতাশ। ট্রাম্প আমাদের চার বছরের জন্য একে অপরের বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছেন, অথচ বিশ্বের একনায়ক আর স্বৈরশাসকদের বুকে টেনে নিয়েছেন। আমাদের ‘আমেরিকাকে আবার মহান’ করার দরকার নেই; আমাদের দরকার আবার একসঙ্গে কাজ করা। আমাদের এমন একজন প্রেসিডেন্টের প্রয়োজন যে আমাদের সকলের জন্য আবার কাজ করবে।’