আরেক উচ্চতায় রুনা লায়লা

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০১:৫৪ পিএম

আরও এক উচ্চতায় দেশ বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা। জীবন্ত এই কিংবদন্তিকে নিয়ে এবার উপন্যাস লিখেছেন কথাসাহিত্যিক আবদুল্লাহ আল মুক্তাদির। ‘মায়ার সিংহাসন’ নামে এ উপন্যাসটি চন্দ্রবিন্দু প্রকাশন থেকে আগামী ১৭ নভেম্বর প্রকাশিত হতে যাচ্ছে এটি। জানা গেছে, এ উপন্যাসের উপজীব্য হচ্ছে বাংলাদেশের জন-সংস্কৃতিতে রুনা লায়লার আবির্ভাব, সংগ্রাম ও বিবর্তন। ‘মায়ার সিংহাসন’ শুধু একটি উপন্যাস নয়, এটি সুরের ভেতর দিয়ে মানুষের মনের যাত্রা। 

রুনা লায়লার গানে লুকিয়ে থাকা অনুভব, সময়ের আবেশ, প্রেম ও একাকিত্ব- সবকিছুর মধ্য দিয়ে এ উপন্যাস পাঠককে নিয়ে যাবে এক মায়াবী সুরলোকের ভেতর। লেখকের কলমে, শব্দ যেন সুরে রূপ নেয়, আর সুরের ভেতর থেকে জন্ম নেয় গল্প। কথাসাহিত্যিক বলেন, যখনই রুনা লায়লার কণ্ঠে গান শুনি, মনে হয় আমি অন্য এক সময়ে পৌঁছে গেছি- যেখানে মানুষ ছিল কম, সুর ছিল বেশি। এই উপন্যাস আসলে সেই যাত্রারই গল্প। 

গীতি-উপন্যাস হিসেবে ‘মায়ার সিংহাসন’ বাংলা সাহিত্যে নতুন সংযোজন দাবি করে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি পাঠকদের নতুন এক সাহিত্য পাঠের অভিজ্ঞতা উপহার দেবে। বইটি রুনা লায়লার কিংবদন্তি জীবন, সুর ও মায়ার স্মারক হয়ে উঠবে বলে আশা প্রকাশনা সংস্থাটির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত