অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের ঝলমলে ইনিংসে হোবার্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে ভারত। টিম ডেভিডের বিধ্বংসী ব্যাটিং এবং মার্কাস স্টয়নিসের হাফসেঞ্চুরিতে ৬ উইকেটে ১৮৬ রানের সংগ্রহও অস্ট্রেলিয়ার জয়ের জন্য যথেষ্ট হয়নি।
অস্ট্রেলিয়ান বোলারদের বিপক্ষে ভারতের ব্যাটাররা শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল। অধিনায়ক সূর্যকুমার যাদব (২৪), তিলক ভার্মা (২৯) ও অভিষেক শর্মা (২৫) সবাই ছোট ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলেন। ভারতের সাত ব্যাটারই দুই অঙ্কে পৌঁছান—যা দলের সামগ্রিক ব্যাটিং শক্তির প্রতিফলন। শেষ দিকে ওয়াশিংটন সুন্দরের বিস্ফোরক ব্যাটিংয়ে তারা ৫ উইকেট হাতে রেখে ও ৯ বল বাকি থাকতে লক্ষ্য ছুঁয়ে ফেলে। সুন্দর মাত্র ২৩ বলে অপরাজিত ৪৯ রান করেন, তার ইনিংসে ছিল চারটি ছক্কা ও তিনটি চার।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে একমাত্র নাথান এলিস কিছুটা প্রভাব রাখতে পারেন; তিনি ৩ উইকেট নেন ৩৬ রানে।
এর আগে টস জিতে ব্যাটিং নিয়ে টিম ডেভিড ও মার্কাস স্টয়নিসের ব্যাটে চড়ে বড় সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া। তৃতীয় ওভারে ২ উইকেটে ১৪ রানে ধুঁকতে থাকা অবস্থায় ক্রিজে আসেন টিম ডেভিড। হোমগ্রাউন্ডে তিনি খেলেন ৩৮ বলে ৭৪ রানের ঝড়ো ইনিংস—যেখানে ছিল ৫ ছক্কা ও ৮ চার। ২০ রানে জীবন পাওয়া ডেভিড সপ্তম ওভারে অক্ষর প্যাটেলকে টানা দুই ছক্কা হাঁকান, যার একটি গিয়ে আঘাত করে স্টেডিয়ামের ছাদের বিজ্ঞাপনবোর্ডে। শেষ পর্যন্ত তিনি ১৩তম ওভারে শিবম দুবের বলে লং-অফে ধরা পড়েন।
স্টয়নিসও খেলেন ৩৯ বলে ৬৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস, যখন দলের শীর্ষ তিন ব্যাটার এক অঙ্কে আউট হন। বরুণ চক্রবর্তীর ওপর ডেভিড কিছুটা চড়াও হলেও এই লেগ-স্পিনারই পরপর দুই বলে দুটি উইকেট তুলে নেন, যার মধ্যে মিচ ওয়েন শূন্যতে বোল্ড হন। শেষ দিকে ম্যাথিউ শর্টের ১৫ বলে অপরাজিত ২৬ রানে অস্ট্রেলিয়া ১৮৬–এর দারুণ সংগ্রহ দাঁড় করায়। ভারতের পক্ষে বামহাতি পেসার অর্শদীপ সিং ছিলেন সবচেয়ে সফল বোলার। তিনি ৩৫ রানে ৩ উইকেট নেন, শুরুতেই ট্রাভিস হেড (৬) ও জশ ইনগ্লিসকে (১) ফিরিয়ে দিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ধাক্কা দেন।
প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর মেলবোর্নে জয় পেয়েছিল ভারত। এবার হোবাটে জিতে সিরিজ ১–১ এ সমতায় ফিরল দুই দল। এখন বাকি দুই ম্যাচে সিরিজ জয়ের লড়াই জমে উঠবে নতুন করে।