নারী ওয়ানডে ক্রিকেটে ইতিহাস গড়লো ভারত। প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছে তারা। নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে তৃতীয় চেষ্টায় ট্রফি নিজেদের করে নিয়েছে হারমানপ্রীত কৌরের দল।
ব্যাট হাতে ঝড় তোলেন শেফালি ভার্মা। তাঁর ৭৮ বলে ৮৭ রানের ঝলমলে ইনিংসেই ভারতের সংগ্রহ পৌঁছায় ২৯৮ রানে। ওপেনিংয়ে স্মৃতি মান্ধানা করেন ৪৫ রান, আর মাঝের সারিতে দিপ্তি শর্মা খেলেন গুরুত্বপূর্ণ ৫৮ রানের ইনিংস। দক্ষিণ আফ্রিকার হয়ে আয়াবোঙ্গা খাকা নেন ৩ উইকেট।
২৯৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংস গুটিয়ে যায় ২৪৬ রানে। একমাত্র লরা উলভার্ট লড়াই চালিয়ে যান, তাঁর ব্যাট থেকে আসে ১০১ রান। তবে অন্য প্রান্ত থেকে বড় ইনিংস না পাওয়ায় হার এড়াতে পারেনি প্রোটিয়ারা।
বোলিংয়ে দিপ্তি শর্মা ছিলেন দুর্দান্ত—তিনি ১০ ওভারে মাত্র ৩৯ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। শেফালি ভার্মা তুলে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট।
ম্যাচের পর আবেগাপ্লুত হয়ে অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন, 'এই মুহূর্তের জন্য আমরা বহু বছর অপেক্ষা করেছি। দলের প্রত্যেকেই অবদান রেখেছে। আজ ভারতের মেয়েরা সত্যিই ইতিহাস লিখেছে।”
স্কোর সংক্ষেপ
ভারত নারী ২৯৮/৭ (শাফালি ৮৭, দিপ্তি ৫৮, মান্ধানা ৪৫; খাকা ৩-৫৮)
দ. আফ্রিকা নারী ২৪৬ (উলভার্ট ১০১; দিপ্তি ৫-৩৯, শাফালি ২-৩৬)
ফল: ভারত নারী দল ৫২ রানে জয়ী।