ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা পেয়ে উজ্জীবিত আমিরাত বিএনপির নেতা কর্মীরা

প্রবাসে বিএনপির প্রাথমিক সদস্য ফরম নবায়ন এবং নতুন সদস্য পদ গ্রহণ উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা পেয়ে উজ্জীবিত আমিরাত বিএনপির নেতা কর্মীরা। তারা বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই ধরনের  উদ্যোগ প্রবাসী বাংলাদেশীদের নতুনভাবে জাগ্রত করেছে। সেটা আগামী নির্বাচনে দলের প্রবাসী নেতাকর্মীদের অংশগ্রহণে নতুন মাইলফলক উন্মোচিত করেছে। 

জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এই প্রথম প্রবাসী বাংলাদেশীদের সদস্যপদ নবায়ন ও সংগ্রহ এবং অনলাইন পদ্ধতিতে সদস্য ফি প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রবিবার ইউএই সময় বিকাল ৪ টায় এবং বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় এই কার্যক্রম উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সময় ভার্চুয়াল মাধ্যমে  প্রবাসীদের নিয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রবাসে বসবাসরত বিএনপির নেতাকর্মীদের আবেগ আপ্লুত করে তোলে।পৃথিবীর ৭৪ টি দেশের সাথে সংযোগ রেখে প্রবাসীদের উদ্দেশ্যে দেয়া তারেক রহমানের বক্তব্যে দলের পরিসর বিস্তৃতি,শক্তি বৃদ্ধির জন্য ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি,নির্বাচনে প্রবাসীদের ভূমিকা প্রসঙ্গে নানা দিকনির্দেশনায় নেতা কর্মীরা উজ্জীবিত হয়ে ওঠেন। 

নেতাকর্মীরা জানান,  এই প্রথম দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রবাসী নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি কথা বললেন। চেয়ারম্যানের গঠন মূল নির্দেশনা সত্যিকার অর্থে আলোর পথ দেখিয়েছে। তিনি যেভাবে সদস্য পদ নবায়ন সদস্য সংগ্রহের যে কর্মসূচি দিয়েছেন তা দলের জন্য সুদূরপ্রসারী ফলাফল বয়ে আনবে। তাছাড়া ওনার নির্দেশনা অনুযায়ী দলের দ্বিধা বিভক্তি গোছাতে পারলে উপমহাদেশের শক্তিশালী দল হিসেবে বিএনপি পরিণত হবে।

এদিকে দলের ভারপ্রাপ্ত  চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি বক্তব্যকে কেন্দ্র করে প্রবাসী নেতাকর্মীদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি হয়।কার আগে কে এসে অনুষ্ঠানে হাজির হবেন সে ব্যাপারে ব্যাপক তোর জোর চোখে পড়ে।  আমিরাতে পৃথক দুটি পাঁচ তারকা হোটেলে বড় এলইডি স্কিন স্থাপন করে তারেক রহমানের বক্তব্য শুনেন নেতাকর্মীরা। এদিকে আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করনে নির্বাচন কমিশন ঘোষণা দিলেও এখনো কোন পদক্ষেপ না থাকায় প্রবাসী নেতাকর্মীরা হতাশা প্রকাশ করেন। 

আরব আমিরাত বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য আমিরুল ইসলাম এনাম এর সভাপতিত্বে  প্রকৌশলী মাহে আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শায়েক আহমেদ রাসেল,প্রকৌশলী করিমুল হক,  প্রকৌশলী জাহাঙ্গীর আলম রুপু, শামসুন্নাহার স্বপ্ন, শাহাদাত হোসেন সুমন, নূর হোসেন সুমন, মজিবুল হক মঞ্জু, নীল রতন দাস প্রমুখ।