লা লিগায় দুই মাস পর গোলের দেখা পেলেন লামিন ইয়ামাল। বার্সেলোনাও জিতেছে ম্যাচ। রবিবার রাতে বার্সেলোনা ৩-১ গোলে হারিয়েছে এলচেকে। তাতে শীর্ষস্থানে থাকা রিয়ালের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমালো বার্সেলোনা।
১১ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে বার্সার পয়েন্ট ২৫। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩০।
আগের রাউন্ডে রিয়ালের বিপক্ষে হারের হতাশা ভুলে জয়ের পথে দুই মিনিটের ব্যবধানে দুই গোলে এগিয়ে যায় কাতালানরা। নবম মিনিটে মাঝমাঠে প্রতিপক্ষের ভুল পাস ধরে ডি-বক্সে থ্রু বল বাড়ান আলেহান্দ্রো বাল্দে, বল নিয়ন্ত্রণে নিয়ে দুজনের মাঝ দিয়ে শটে দলকে এগিয়ে নেন ইয়ামাল। লিগে এর আগে ইয়ামাল গোল করেছিলেন সেপ্টেম্বর মাসে। অবশ্য ইনজুরির কারণে বেশ কিছু ম্যাচ মাঠের বাইরে ছিলেন ১৮ বছরের এই তরুণ।
১১ মিনিটে বাঁ দিক থেকে ফেরমিন লোপেসের পাস ছয় গজ বক্সে ফাঁকায় পেয়ে ডান পায়ের শটে গোল করেন ফেরান তোরেস। ৪২ মিনিটে গোলের জন্য প্রথম শট নিতে পারে এলচে, সেটি থেকেই ব্যবধান কমায় তারা। আলভারো নুনেসের পাস থেকে গোল করেন রাফা মির।
৬১ মিনিটে ব্যবধান বাড়ান রাশফোর্ড। ডান দিক থেকে লোপেসের ক্রস ডি-বক্সের বাইরে নিয়ন্ত্রণে নিয়ে, ভেতরে ঢুকে একজনের চ্যালেঞ্জ সামলে কোনাকুনি শটে বল জালে পাঠান ইংলিশ ফরোয়ার্ড। ৭৪ মিনিটে রাশফোর্ডকে উঠিয়ে চোট কাটিয়ে ফেরা রবার্ট লেভানডফস্কিকে নামান কোচ হান্সি ফ্লিক। চোট কাটিয়ে দলে ফেরা মিডফিল্ডার দানি ওলমোকেও বদলি হিসেবে নামান কোচ।
বার্সেলোনার পরবর্তী ম্যাচ চ্যাম্পিয়নস লিগে আগামী বুধবার ক্লাব ব্রুজের মাঠে।