বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দেশের পরিচিত কর্পোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিষয়টি নিশ্চিত করেছে। রুবাবা উদ দৌলা বিসিবির ইতিহাসে দ্বিতীয় নারী পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন।
তার আগে ২০০৭ সালে মনোয়ারা আনিস মিনু পরিচালক ছিলেন। আজ নতুন এনএসসি মনোনীত পরিচালক হিসেবে বোর্ড সভায় যোগ দেওয়ার কথা রয়েছে রুবাবার। রুবাবা ইশফাক আহসানের জায়গায় দায়িত্ব নিচ্ছেন। এনএসসির অফিসিয়াল নোটিশে জানানো হয়েছে, ইশফাক স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
ইশফাকের মনোনয়ন ঘিরে বিতর্ক তৈরী হলে একদিন পরই তার জায়গায় রুবাবা দৌলার নাম প্রস্তাব করা হয়। আজ আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হলো।
বর্তমানে রুবাবা দৌলা ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে তিনি নেপাল ও ভুটানের কার্যক্রমও দেখছেন। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের উচ্চপদে দায়িত্ব পালন করেছেন।