বগুড়ার শেরপুরে আগুনে পুড়ে যাওয়া মাদ্রাসা শিক্ষার্থী নাবিলা (১১) রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২ নভেম্বর) রাতে মারা যায়।
নাবিলা উপজেলার গাড়িদহ ইউনিয়নের শিবপুর মধ্যপাড়া গ্রামের আবুল কালাম মুকুলের মেয়ে। এবং স্থানীয় শিবপুর রশিদিয়া দাখিল মাদ্রাসার এবতেদায়ী পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্র জানায়, গত ২৯ অক্টোবর দুপুরে তার মা অসুস্থতার কারণে চিকিৎসার জন্য শেরপুরে যান। মাদ্রাসা ছুটির পর বাড়িতে ফিরে ছোট্ট নাবিলা নিজেই চুলায় খাবার রান্না করতে যায়। এক পর্যায়ে তার শরীরে আগুন ধরে গেলে নাবিলার চিৎকার শুনে প্রতিবেশিরা এসে তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করা হয়। পরবর্তীতে চিকিৎসকরা তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।