নেপালে হিমালয়ের চূড়ায় বরফ ধসের ঘটনায় অন্তত তিনজনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে একজন ফরাসি নাগরিক এবং দুইজন নেপালি রয়েছেন।
সোমবার (৩ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৯টায় নেপালের উত্তর-পূর্ব দোলাখা জেলায় ইয়ালুং রি পাহাড়ের বেস ক্যাম্পের কাছে তুষার ধসের ঘটনা ঘটে। যার ফলে অন্তত তিনজন পর্বতারোহী মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে।
এছাড়াও আরও দুইজন ইতালিয়ান, একজন জার্মান এবং একজন কানাডিয়ান সহ মোট চারজন পর্বতারোহী মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। অভিযাত্রী দলটিতে ১২ জন ট্রেকার এবং স্থানীয় গাইড ছিলেন। আহত পাঁচজন নেপালি গাইড বর্তমানে স্থিতিশীল আছেন। দলটি ডলমা খাং শৃঙ্গ (৬,৩৩২ মিটার) আরোহণের প্রস্তুতি নিচ্ছিল।
খারাপ আবহাওয়া এবং ব্যবস্থাপনা সমস্যার কারণে উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে। উদ্ধারকারী হেলিকপ্টার বেস ক্যাম্প থেকে পাঁচ ঘণ্টার হাঁটার দূরত্বে অবস্থিত না গাঁও এলাকায় পৌঁছেছে ।
অন্যদিকে, পশ্চিম নেপালের পানবাড়ি পাহাড়ে দুইজন ইতালিয়ান পর্বতারোহী এখনো নিখোঁজ রয়েছেন। গত সপ্তাহে তাদের দল সেখানে আটকা পড়েছিল।
নেপালের শরৎকালীন ট্রেকিং এখনো পর্যটকদের কাছে আকর্ষণীয়। তবে সম্প্রতি সাইক্লোন মন্থার কারণে সৃষ্ট ভয়ঙ্কর আবহাওয়া ও তুষার ধসে এ অঞ্চলে শত শত মানুষ আটকা পড়ে।