মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

মেক্সিকো সরকার পেরুর সাবেক প্রধানমন্ত্রী বেটসি চাভেজকে আশ্রয় দেওয়ার পর পেরু দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। চাভেজের বিরুদ্ধে ২০২২ সালের অভ্যুত্থান চেষ্টার অভিযোগ রয়েছে।
 
পেরুর পররাষ্ট্রমন্ত্রী হুগো দে সেলা এই আশ্রয় প্রদানের ঘটনাকে বন্ধুসুলভ পদক্ষেপ নয় বলে উল্লেখ করেছেন এবং অনুশোচনা প্রকাশ করেছেন। অন্যদিকে, মেক্সিকো পেরুর সিদ্ধান্তকে অসামঞ্জস্যপূর্ণ বলে প্রত্যাখ্যান করেছে।

চাভেজকে ২০২৩ সালের জুনে সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিয়োর কংগ্রেস ভেঙে দেওয়ার চেষ্টায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান তিনি। প্রসিকিউটররা তার বিরুদ্ধে ২৫ বছরের কারাদণ্ডের দাবি করেছেন। কাস্তিয়ো নিজেও ২০২২ সালের ডিসেম্বরে গ্রেপ্তার হন এবং তার বিরুদ্ধে ৩৪ বছরের কারাদণ্ডের আবেদন করা হয়েছে।

এই পদক্ষেপে দুই দেশের মধ্যে আগে থেকেই চলা উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। এর আগে মেক্সিকো কাস্তিয়োর পরিবারকে আশ্রয় দেওয়ায় এবং প্রকাশ্যে তার প্রতি সমর্থন জানানোতে ক্ষুব্ধ হয়েছিল পেরু।

পেরুর রাজনৈতিক অস্থিরতা এখনো অব্যাহত রয়েছে। সাম্প্রতিক বিক্ষোভ ও সাবেক প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের পদচ্যুতি পর,কংগ্রেস নেতা হোসে জেরি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।