ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস

এবারই মির্জা ফখরুলের জীবনের শেষ নির্বাচন!

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনই তার জীবনের শেষ নির্বাচন। যারা দলের মনোনয়ন পাননি দল তাদের যথাযথ মূল্যায়ন করবে বলেও আশ্বস্ত করেছেন তিনি। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টের তিনি এসব কথা বলেন। 

পোস্টের শুরুতে তিনি বলেন, মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে। আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ সকল নেতা এবং নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সকল কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ আজীবন আমার সাথে থাকার জন্য।

বিএনপি মহাসচিব বলেন, আমরা যারা সারাজীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের নিজেদের একটা গল্প থাকে, অনেকেই তা জানে না। আমি যখন ১৯৮৭ তে সিদ্ধান্ত নেই- আবার রাজনীতিতে ফিরব, আমার মেয়ে দুটো একদমই ছোট ছিলো! ঢাকায় পড়ত। আমার স্ত্রীর বয়স অনেক কম ছিলো। সে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল, বুঝতে পারছিল কি ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছে।

মির্জা ফখরুল তার স্ট্যাটাসে বলেন, আমার মেয়ে দুটোর হাত ধরে সে-ই নিয়ে গেছে স্কুলে, ডাক্তারের কাছে। মনে পরে, আমার বড় মেয়ের একটা অপারেশন হবে- আমি সারারাত গাড়িতে ছিলাম, ঢাকার পথে, যাতে মেয়ের পাশে থাকতে পারি। তখন এত কষ্ট হচ্ছিলো, আমি ছিলাম মসজিদে যখন তার অপারেশন হচ্ছিল। গল্পগুলো অন্য কোনও দিন বলব যদি আল্লাহ চান! এরকম গল্প আমাদের হাজার নেতাকর্মীর আছে! 

পোস্টে মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন আমার শেষ নির্বাচন। যারা মনোনয়ন পায়নি- বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দিবে। আপনারা সবাই আমার জন্য দুআ করবেন, আমাদের দলের প্রতিটি নেতাকর্মীর জন্য দুআ করবেন! আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব এবং কাজ করবো ইনশাআল্লাহ!