ফের সঞ্চালকের আসনে তাহসান

অভিনয় ও গান থেকে নিজেকে সরিয়ে নিলেও উপস্থাপনাকে বিদায় জানাননি গায়ক-অভিনেতা তাহসান খান।মাঝে-মধ্যেই উপস্থাপনা করবেন বলে জানিয়েছেন তিনি। সেই ধারাবাহিকতায় তাকে আবারও দেখা যাবে সঞ্চালকের ভূমিকায়। খুব শিগগিরই দ্বিতীয় সিজন নিয়ে আসছে পারিবারিক বিনোদনমূলক অনুষ্ঠান ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। প্রথম সিজনের মতো এবারের আসরও উপস্থাপনা করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছে বঙ্গ। তারা জানায়, শিগগিরই ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর সিজন ২ আসছে। 

এই ডিসেম্বরেই শুটিং (নির্মাণ কাজ) শুরু হবে। নতুন সিজনে থাকছে আরো বেশি হাসি, মজা আর জমজমাট পারিবারিক আনন্দ। প্রতিযোগীরা বাংলাদেশের এই প্রিয় গেম শো-তে জিততে এবং সেরা হতে লড়বে। 

তাহসান খান বলেন, ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আমার কাছে একটি বিশেষ অনুষ্ঠান, কারণ এটি পরিবারগুলোকে আবারও বসার ঘরে একই সোফায় ফিরিয়ে এনেছে এবং তাদের মধ্যে মিষ্টি সব তর্ক-বিতর্ক আর হাসির একটি বিশেষ মুহূর্ত তৈরি করেছে।সিজন-২ আরো বড় পরিসরে হতে যাচ্ছে। সারা দেশ থেকে আরো নতুন নতুন পরিবারকে এই শো-তে স্বাগত জানাতে, তাদের সঙ্গে হাসতে এবং একসঙ্গে নতুন সব স্মৃতি তৈরি করতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ 

সিজন ২-এর আনুষ্ঠানিক ঘোষণার পাশাপাশি, এর রেজিস্ট্রেশনও শুরু হয়ে গেছে। সারা দেশের উৎসাহী পরিবারগুলোকে আবেদন করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। যারা পরিবারের সঙ্গে মজা করতে ভালোবাসেন কিংবা একটি ভালো চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন, তাদের প্রত্যেককে এই জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতায় অংশ নিতে উৎসাহিত করা হচ্ছে।