বহুল আলোচিত নিউইয়র্কের মেয়র নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ৬টা থেকে (বাংলাদেশ সময় বিকাল ৫টায়) সব কেন্দ্রে শুরু হয়েছে ভোট গ্রহণ। ভোট শেষ হবে স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টায়)।
শহরের শীর্ষ এই পদে এবার সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত প্রার্থী ৩৪ বছর বয়সী গণতান্ত্রিক সমাজতান্ত্রিক এবং কুইন্সের রাজ্য পরিষদ সদস্য জোহরান মামদানি (ডেমোক্র্যাট প্রার্থী)। তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত বেশিরভাগ জরিপে দেখা গেছে মামদানি বাকি দুই প্রতিদ্বন্দ্বীর তুলনায় এগিয়ে রয়েছেন।
এর আগে মেয়র নির্বাচনের আগাম ভোটগ্রহণ ২৫ অক্টোবর থেকে শুরু হয়ে ২ নভেম্বর শেষ হয়েছে। প্রায় ৭ লাখ ৩৫ হাজার ভোটার আগাম ভোট দিয়েছেন।
নিউইয়র্কে চার বছর পরপর মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন। এ বছরের নির্বাচন বিশেষভাবে নজর কেড়েছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। যেখানে প্রতিযোগিতা হবে প্রগতিশীল, প্রতিষ্ঠাবাদী ও রক্ষণশীলদের মধ্যে।
