জন্মদিনে ভয়ংকর ইনজুরিতে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন হাকিমি

এমন জন্মদিন যে আসবে তা ঘুণাক্ষরেও কি কল্পনা করেছিলেন আশরাফ হাকিমি? প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) এই তারকা ডিফেন্ডার চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচে ভয়াবহ ইনজুরির শিকার হয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন। তাকে মারাত্মক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেছেন পিএসজির লুইস দিয়া‌জ। হাকিমির ইনজুরি কতটা গুরুতর—এ সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ম্যাচের হাফটাইমের ঠিক আগে ঘটে ঘটনাটি। বায়ার্নের হয়ে দিয়া‌জ ততক্ষণে দুইটি গোল করে দলকে এগিয়ে রেখেছিলেন ২-০ ব্যবধানে। কিন্তু হাকিমিকে পিছন থেকে স্লাইড করে ট্যাকল করলে তিনি মারাত্মক আহত হন। এসময় হাকিমির গোঁড়ালি অস্বাভাবিকভাবে বেঁকে যায় এবং তিনি সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন। মেডিকেল টিম এসে তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যায়।

মাঠ ছাড়ার সময় হাকিমি কাঁদছিলেন। পরে ভিএআরের সাহায্যে রেফারি কোনো দ্বিধা ছাড়াই দিয়াজকে লাল কার্ড দেখিয়ে দেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দাবি করছে, হাকিমিকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হতে পারে। গতকাল ২৭ বছরে পা দিলেন হাকিমি। জন্মদিনেই পেলেন মারাত্মক আঘাত। দেড় মাস পর শুরু হবে আফ্রিকা কাপ অব নেশনস (এএফকন)। অথচ, হাকিমিকে এখন শুয়ে থাকতে হবে হাসপাতালের বিছানায়।

ধারণা করা হচ্ছে, এটি সম্ভবত অ্যাঙ্কেল সিন্ডেসমোসিস ইনজুরি, সাথে ফ্র্যাকচারের ঝুঁকিও রয়েছে। হাকিমির ইনজুরি নিয়ে ফুটবল সাংবাদিক লিও আশচি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ভয়ঙ্কর ট্যাকলে হাকিমি ইনজুরিতে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন। এএফকন শুরুর ঠিক আগে এটি খুবই উদ্বেগজনক।’ আরেক সাংবাদিক জ্যাক লোয়ি বলেন, ‘এটি আমার দেখা সবচেয়ে বেপরোয়া ট্যাকলগুলোর একটি। দিয়া‌জ হয়তো হাকিমির মৌসুম শেষ করে দিলেন!’