ধর্ষণের মতো গুরুতর অভিযোগে পিএসজির মরক্কান তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমির বিচারকার্য শুরুর পথ চূড়ান্তভাবে পরিষ্কার করেছে ফরাসি আদালত। দীর্ঘ আইনি লড়াই এবং আসামিপক্ষের একের পর এক আপিল নাকচ করে দিয়ে দেশটির সর্বোচ্চ বিচারিক আদালত এই নির্দেশ দেওয়ায় বড় ধরনের আইনি বিপাকে পড়তে যাচ্ছেন এই ২৭ বছর বয়সী ফুটবলার।
২০২৩ সালের শুরুর দিকে এক তরুণীর আনা ধর্ষণের অভিযোগ ঘিরে এই মামলার সূত্রপাত হয়েছিল। ফরাসি বিচার ব্যবস্থার নিয়ম অনুযায়ী, ভার্সাই আপিল আদালতের দেওয়া রায়কে চ্যালেঞ্জ করে দেশটির সর্বোচ্চ আদালত ‘কোর্ট অব ক্যাসেলেশন’-এ আবেদন করেছিলেন হাকিমির আইনজীবীরা। তবে বুধবার বিচারিক সূত্র বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছে যে, সেই আপিল খারিজ করে দিয়ে অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার প্রক্রিয়া পরিচালনার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। এর ফলে আইনগতভাবে হাকিমির হাতে থাকা শেষ পথটুকুও বন্ধ হয়ে গেল।
শুরু থেকেই আনীত সমস্ত অভিযোগ শক্তহাতে অস্বীকার করে আসছেন হাকিমি। এই রায়ের পর পিএসজি তারকার আইনজীবী ফ্যানি কোলিন এএফপিকে পাঠানো এক বিবৃতিতে বলেন, ‘আশরাফ হাকিমির বিরুদ্ধে আনীত অভিযোগগুলো, যা তিনি প্রথম দিন থেকেই জোরালোভাবে অস্বীকার করে আসছেন, কোর্ট অব ক্যাসেলেশনের মাধ্যমে পরীক্ষা করা হয়নি। তবে ট্রাইব্যুনালের বিচারে তা করা হবে, যেখানে আশরাফ হাকিমির পক্ষে সমস্ত প্রমাণ প্রকাশ্যে উপস্থাপন করা হবে।’
আইনজীবী আরও যোগ করেন যে, তার মক্কেল ‘যার লুকানোর কিছু নেই’ তিনি তদন্তের শুরু থেকেই পুলিশ ও বিচারিক কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করেছেন এবং আসন্ন আদালতেও তা অব্যাহত রাখবেন।
অন্যদিকে, অভিযোগকারী তরুণীর আইনজীবী রাচেল-ফ্লোর পার্দো আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ‘সাড়ে তিন বছরের আইনি লড়াই এবং আশরাফ হাকিমির ডিফেন্সের পক্ষ থেকে মানহানি ও কাদা ছোড়াছুড়ির পর আমার মক্কেল বিচার পাওয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ; তিনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।’ ২০২৩ সালের জানুয়ারি মাসে ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে হাকিমির বাড়িতে গিয়ে এক তরুণী হেনস্থা ও ধর্ষণের শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেন।
এদিকে ক্লাব ফুটবলের সবচেয়ে বড় তারকার এমন আইনি জটিলতায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে তার ক্লাব পিএসজিও। ফরাসি চ্যাম্পিয়ন ক্লাবটি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে যে, হাকিমি শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসায় তিনি এখনো আইনের চোখে নির্দোষ হিসেবে গণ্য হওয়ার অধিকার রাখেন। তবে ক্লাবটি নিজেদের বিবৃতিতে সব ধরনের সহিংসতা, বিশেষ করে যৌন সহিংসতার বিরুদ্ধে তাদের লড়াইয়ের অনড় ও নীতিগত অবস্থানের কথা স্পষ্টভাবে পুনর্ব্যক্ত করেছে।