নিউজিল্যান্ড একটি নতুন জাতীয় মহাকাশ মিশনের পরিকল্পনা করছে, যার অংশ হিসেবে সরকারি মালিকানাধীন ছোট একটি কৃত্রিম উপগ্রহ বহর কক্ষপথে পাঠানো হবে। দেশটির মহাকাশমন্ত্রী জুডিথ কলিন্স বুধবার (৫ নভেম্বর) এএফপি নিউজকে এ তথ্য দেন । এই উপগ্রহগুলো নিয়মিতভাবে দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করবে। এছাড়াও দুর্যোগ মোকাবিলা ও মানবিক কার্যক্রম পরিচালনায় ও এগুলো ব্যবহৃত হবে। এর ফলে গুরুত্বপূর্ণ তথ্যের জন্য সরকার বহিরাগত সরবরাহকারীদের উপর নির্ভরতা কমাতে পারবে।
এএফপির হাতে আসা নথি অনুযায়ী, এই মিশন দেশটির বিজ্ঞান খাতকে এগিয়ে নেবে এবং গবেষণা ও উন্নয়ন, কৃত্রিম উপগ্রহ উৎপাদন, উৎক্ষেপণ ও তথ্য ব্যবহারের ক্ষেত্রে বাণিজ্যিক সুযোগ তৈরি করবে। মন্ত্রী কলিন্স জানিয়েছেন, এই মিশনের জন্য অর্থায়ন কার্যকর করার আগে একটি শক্তিশালী ব্যবসায়িক পরিকল্পনা প্রয়োজন, কারণ মহাকাশ মিশনগুলো জটিল এবং এগুলো তৈরি, যাচাই ও পরিচালনায় বহু বছর সময় দরকার।
নিউজিল্যান্ডের আগেও মহাকাশ উদ্যোগে অভিজ্ঞতা রয়েছে। দেশটি জেফ বেজোস এবং ইউএস-ভিত্তিক এনভায়রনমেন্টাল ডিফেন্স ফান্ডের সঙ্গে মিলিত হয়ে গ্রিনহাউস গ্যাস নিরীক্ষণের জন্য তৈরি মিথেনএসএটি প্রকল্পে অংশ নিয়েছিল । দেশটি রকেট ল্যাব-এর জন্যও পরিচিত, যা ২০১৭ সাল থেকে নিউজিল্যান্ডের মাহিয়া উপদ্বীপ থেকে কয়েক দশক ধরে সফলভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ করে আসছে ।