দিল্লির হয়ে টি-টেন লিগে খেলবেন পাকিস্তানের দুই ক্রিকেটার!

রাজনৈতিক কারণে ভারত-পাকিস্তানের মুখ দেখাদেখি বন্ধ। দ্বিপাক্ষিক সিরিজ তো এক দশক ধরেই হয় না, আইপিএলে ডাক পান না কোনো পাকিস্তানি ক্রিকেটার। এ বছর কাশ্মীর হামলার প্রেক্ষিতে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানিদের সঙ্গে ম্যাচ শেষে হ্যান্ডশেকও করেন না। কিন্তু আবুধাবি টি-টেন লিগে দিল্লি বুলসের হয়ে খেলবেন দুই পাকিস্তানি ক্রিকেটার!

আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আবু ধাবি টি-টেন লিগের নবম আসর। দলগুলো এখন স্কোয়াড গোছানোয় ব্যস্ত। টুর্নামেন্ট শুরুর আগে দুই পাকিস্তানি ক্রিকেটারকে দলে নিয়েছে দিল্লি বুলস। ফ্র্যাঞ্চাইজিটি তাদের অফিসিয়াল সামাজিক মাধ্যমে এক ঘোষণায় জানিয়েছে, ‘তরুণ পেসার উবায়েদ শাহ এবং অভিজ্ঞ অলরাউন্ডার ইফতিখার আহমেদ এবার দলের অংশ হচ্ছেন।’

১৯ বছর বয়সী পেসার উবায়েদ শাহ এবারই প্রথমবারের মতো আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন। তিনি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতানসের হয়ে ১১ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন। অন্যদিকে ৩৫ বছর বয়সী অভিজ্ঞ ডানহাতি ব্যাটার ইফতিখার আহমেদ জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৬৬টি আন্তর্জাতিক টি–টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ৪ ফিফটি এবং ১২৯ স্ট্রাইক রেটে করেছেন ৯৯৮ রান।

এর আগে গত ১৯ অক্টোবর অনুষ্ঠিত খেলোয়াড় ড্রাফটে দিল্লি বুলস দলে নিয়েছিল পেসার পাকিস্তানের সালমান ইরশাদ ও মীর হামজাকে। একই ড্রাফট থেকে আলি রেজা ও রহস্যময় স্পিনার উসমান তারিককে দলে নেয় ডেকান গ্ল্যাডিয়েটর্স। এছাড়া, আজমান টাইটান্সের হয়ে খেলবেন পাকিস্তানের জামান খান, আসিফ আলি ও আকিফ জাভেদ।