জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মর্যাদা অক্ষুন্ন রাখতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ।
বুধবার (৫ নভেম্বর) ইউজিসি ও ইউনেস্কোর যৌথভাবে আয়োজিত ‘সোশ্যাল ইমোশনাল ওয়েলবিং অব ইউনিভার্সিটি স্টুডেন্টস’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন। কমিশনের অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইউজিসি চেয়ারম্যান বলেন, তোমরা (শিক্ষার্থীরা) বড় যোদ্ধা, দেশের পরিবর্তনকারী। তোমাদের অবদানের জন্য সারা বিশ্ব আমাদের সম্মান করছে। জাতি তোমাদের সম্মান করে, অনেক কিছু প্রত্যাশাও করে। জাতির প্রত্যাশা পূরণ এবং জুলাই যোদ্ধাদের নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে, সে বিষয়ে সজাগ থাকতে হবে বলেও তিনি জানান।
প্রফেসর ফায়েজ বলেন, জুলাইয়ের ট্রমা থেকে শিক্ষার্থীদের বের হয়ে আসতে সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা সহায়ক হবে। তিনি আরও জানান, জুলাই স্মৃতিচারণায় শীঘ্রই ইউজিসি একটি সেমিনার আয়োজন করবে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মাছুমা হাবিব ও প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম।
প্রফেসর তানজীমউদ্দিন খান বলেন, ৫ আগস্টের আগে বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম ও হলে স্বৈরাচারী ব্যবস্থা জারি ছিল। শিক্ষার্থীরা নানা ধরনের ভোগান্তি ও মানসিক অশান্তিতে ছিল। খুব কম শিক্ষক এ সময় শিক্ষার্থীদের পাশে ছিলেন। এই অবস্থার পরিবর্তনে শিক্ষার্থীরা অদম্য শক্তি দেখিয়েছে।
প্রফেসর আনোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীরা ব্যক্তি স্বার্থকে উপেক্ষা করে দেশের স্বার্থে আন্দোলন করেছে। এই আন্দোলনে শিক্ষার্থীসহ ১৪০০ জন শহিদ এবং প্রায় ২০ হাজার শিক্ষার্থী আহত হন। আন্দোলন-পরবর্তী সময়ে শিক্ষার্থীরা নানা ধরনের ট্রমায় আছেন। এই ট্রমা কমিয়ে আনতে ইউজিসি উদ্যোগ গ্রহণ করেছে।
প্রফেসর মাছুমা হাবিব বলেন, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ইউজিসি নিরন্তর কাজ করে যাবে। সময়োপযোগী এ প্রকল্পে বিনিয়োগ করার জন্য তিনি ইউনেস্কোকে ধন্যবাদ দেন।
প্রফেসর আইয়ুব ইসলাম বলেন, তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে হলে তাদের সামাজিক ও মানসিক দক্ষতা বৃদ্ধি করা জরুরি। প্রচলিত শিক্ষাব্যবস্থায় এ ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়নি। ইউজিসির সামাজিক ও মানসিক দক্ষতা বৃদ্ধির উদ্যোগে শিক্ষার্থীরা ব্যাপকভাবে উপকৃত হবেন।
কর্মশালায় শিক্ষার্থীরা দাবি করেন, জুলাই আন্দোলনের ফলেই বিশ্ববিদ্যালয়গুলোতে সুস্থ পরিবেশে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের হলে সিট পেতে শিক্ষার্থীদের কোনো ধরনের অসুবিধা হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের ঘটনাও ঘটছে না বলে তারা জানান।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের নিয়োগে স্বচ্ছতা ও মেধার প্রাধান্য দেওয়া এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ আয়কর আদায় বন্ধে ইউজিসির হস্তক্ষেপ কামনা করেন।
কর্মশালায় জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী রিফাত হাওলাদার, সানজিদা তন্বী, রবিউস সানী, মাহফুজা খাতুন এবং উমামা ফাতেমাসহ ২২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
উল্লেখ্য, ইউনেস্কোর সহায়তায় ‘সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা’ নামে ইউজিসি একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এর আওতায় চলতি নভেম্বর মাস থেকে ২২টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীকে সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা সেবা প্রদান করা হবে।