নেত্রকোনার আ. লীগ নেত্রী ঝুমা তালুকদার গ্রেপ্তার

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ। বুধবার সকাল সাড়ে আটটায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নাসরিন সুলতানা।

দলীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঝুমা তালুকদার নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক। তিনি নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের মেয়ে।

২০১৯ সালে দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে জয়ী হয়ে উপজেলা পরিষদের প্রথম নারী চেয়ারম্যান হন তিনি।

২৪-এর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছিলেন ঝুমা তালুকদার। পরে নেত্রকোনা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে ট্রাক প্রতীকে নির্বাচন করেন। কিন্তু আওয়ামী লীগের প্রার্থী মোশতাক আহমেদের (রুহি) কাছে পরাজিত হন।

গত বছরের ৫ আগস্টের পর তার বিরুদ্ধে দুটি মামলা হয়। এর পর থেকে তিনি এলাকা ছেড়ে পরিবার নিয়ে রাজধানীতে বসবাস করছিলেন। আজ সকালে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে।