চ্যাম্পিয়নস লিগের লিগ পর্যায়ে দাপুটে এক জয় তুলে নিল ম্যানচেস্টার সিটি। জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-১ গোলে পরাস্ত করেছে পেপ গার্দিওলার দল। জোড়া গোল করে ম্যাচের সেরা হয়েছেন ইংলিশ তারকা ফিল ফোডেন। এছাড়া গোল পেয়েছেন আর্লিং হালান্ড এবং রায়ান শেরকি।
এই জয়ের ফলে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় সিটির অবস্থান উঠল শীর্ষ আটে। নকআউট পর্বে সরাসরি জায়গা নিশ্চিত করার পথে এটি ছিল গুরুত্বপূর্ণ জয়।
বুধবার রাতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ম্যান সিটি। প্রথমার্ধে দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন ফিল ফোডেন। এরপর জেরেমি ডোকুর ক্রসে গোল করে সিটিকে ২-০ করেন হালান্ড। এটি ছিল চলতি মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে তার ১৮তম গোল—চ্যাম্পিয়নস লিগে পরপর পাঁচ ম্যাচে গোল করার কীর্তিও গড়লেন তিনি।
দ্বিতীয়ার্ধে আবারও লক্ষ্যভেদ করেন ফোডেন। অসাধারণ বাঁকানো শটে ডর্টমুন্ড গোলরক্ষককে কোনো সুযোগই দেননি। শেষ দিকে রায়ান শেরকির গোল সিটির জয় নিশ্চিত করে। ওয়ালদেমার আন্তন একবার গোল করে ব্যবধান কমালেও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ছিল সিটির দখলে। বরুশিয়াও কিছু সময় আক্রমণাত্মক খেলেছিল, তবে সিটির কৌশলের কাছে বেশিরভাগ সময় তারা পাত্তাই পায়নি।
ম্যাচ শেষে পেপ গার্দিওলা বলেন, ‘শুরুতে আমরা ছন্দে ছিলাম না। তবে ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিয়েছি এবং শেষদিকে দুর্দান্তভাবে ম্যাচ শেষ করেছি। এই জয় আমাদের পরবর্তী ধাপে যেতে আত্মবিশ্বাস দেবে। ফিল (ফোডেন) ফর্মে ফিরেছে। ওর এমন গোল আমরা আগেও দেখেছি। এই মৌসুমে সে আমাদের দলে বড় ভূমিকা রাখবে বলেই আমার বিশ্বাস।’