দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার আইসিসি ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারত। সেই উপলক্ষে বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে দেখা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই আলোচনার সময় হুট করেই ভারতীয় ক্রিকেটার হারলিন দেওল জানতে চান, প্রধানমন্ত্রীর ত্বক কেন সব সময় ঝলমল করে?
মোদির সঙ্গে আলাপচারিতায় হারলিন হুট করে বলে বসেন, ‘স্যার, আপনার ত্বক সব সময় ঝলমল করে। আপনার ত্বকচর্চার রহস্য কি আমাকে বলবেন?’ কেউ ভাবতেই পারেনি হারলিন হঠাৎ করে এমন প্রশ্ন করবেন। তাই শুরুতে সবাই কিছুটা অবাক হলেও পরে হেসে ফেলেন।
প্রধানমন্ত্রী মোদিও হয়তো এমন প্রশ্নের জন্য তৈরি ছিলেন না। তবে দ্রুত সামলে নিয়ে তিনি হাসিমুখে জবাব দেন, ‘আমি এসব নিয়ে ভাবিই না!’ জবাব শুনে বাকি ক্রিকেটারেরা বলেন, ‘স্যার, এটা দেশের কোটি কোটি মানুষের ভালোবাসা’। মোদি এসময় হেসে ফেললে ভারতের নারী দলের কোচ অমল মুজুমদা বলেন, ‘দেখছেন স্যার, কাদের নিয়ে আমাকে থাকতে হয়। এদের জন্যই আমার মাথার সব চুল পেকে গেছে!’