রয়ে সয়ে সমালোচনা করতে বললেন আশরাফুল

বাংলাদেশ জাতীয় দলে আবারও ফিরলেন মোহাম্মদ আশরাফুল। ফিক্সিংকাণ্ডে সাজা পাওয়া সাবেক এই অধিনায়ক ফিরেছেন নতুন ভূমিকায়- টাইগারদের ব্যাটিং কোচ হিসেবে। আপাতত আয়ারল্যান্ড সিরিজের জন্য আবারও জাতীয় দলের ড্রেসিংরুমে তাকে দেখা যাবে। কোচ হওয়ার পর প্রথমবার মিরপুর শেরেবাংলায় এসে তিনি জানালেন নিজের অনুভূতি।

আশরাফুলের পূর্বসূরি সাবেক সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ব্যাটিং কোচের দায়িত্বটাও পালন করতেন। কিন্তু দলের পারফর্মেন্স বাজে হওয়ায় এবং জাকের আলীর প্রতি বিশেষ সদয় হওয়ায় সালাউদ্দিনকে ব্যাপক সমালোচনা হজম করতে হয়েছে। শেষ পর্যন্ত আশরাফুল নিয়োগ পাওয়ার পরদিনই সালাউদ্দিন পদত্যাগ করেন। তাই হয়তো সমালোচনাও একটু রয়ে সয়ে করতে বললেন আশরাফুল।

মিরপুরে আজ তিনি সাংবাদিকদের বলেন, ‘আপনারা অবশ্যই সমালোচনা করবেন তবে একটু রয়ে সয়ে করলে ভালো হতো আমার মনে হয়। কারণ সবাই চায় নিজের সেরাটা দিতে। সেই জায়গায় এই সমালোচনাটা হবে এটাই স্বাভাবিক। আমি জানি এটাই লাইফ। ভালো করলে আকাশে ওঠাবেন আর খারাপ করলে নিচে নামাবেন- এইটাই তো লাইফ। তাই আমি ওইসব নিয়ে চিন্তিত নই। আমি শুধু নিজের কাজটা করার চেষ্টা করব।

কোচ হিসেবে খুব বেশি দিন এক সঙ্গে কাজ না করলেও তিনি খেলোয়াড়ি জীবনে সালাউদ্দিনের অধীনে কাজ করেছেন। সেই স্মৃতি রোমন্থন করে আশরাফুল সম্প্রতি বলেন, ‘সবার সঙ্গেই আমার ভালো সম্পর্ক রয়েছে। আমি সেরকম (সম্পর্ক খারাপ হওয়ার মতো) কেউ নই। সালাউদ্দিন ভাইয়ের সঙ্গেও সম্পর্ক ভালো। আমি যখন অধিনায়ক ছিলাম তখনো উনি কাজ করেছেন। তাই যেমনটা ভাবা হচ্ছে, তেমন কিছু নয়।’