সম্প্রতি পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিশ্চিয়ানো রোনালদো জানান, ইতিহাসের অন্যতম সেরা প্রমাণ করতে তার বিশ্বকাপ লাগবে না। আর আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির মতে বিশ্বকাপ জয়েই ক্যারিয়ারে সাফল্যের নির্ধারক।
রোনালদো সাক্ষাৎকারে বলেছিলেন, 'আপনি যদি আমাকে জিগেস করেন, বিশ্বকাপ জেতা কি আপনার স্বপ্ন? আমি বলবো না। এটা স্বপ্ন নয়। আমি ইতিহাসের সেরা এটার প্রমাণ একটা টুর্নামেন্টের ছয়-সাতটা ম্যাচ দিয়ে কী করা ঠিক?'
এদিকে ফ্লোরিডায় আমেরিকা বিজনেস ফোরামে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মেসি বলেন, 'সত্য হলো, এটার (বিশ্বকাপ জয়) অনুভূতি ব্যাখ্যা করা কঠিন। ব্যক্তিগত পর্যায়ে, পরিবারিক ও সতীর্থদের দিক থেকে এবং দেশের অর্জনের বিচারে এটাকে আপনি ভাষায় বুঝিয়ে বলতে পারবেন না। দেশে আমাদের বিশ্বকাপ জয় কীভাব উদযাপন হয়েছে তা থেকেই আপনারা বুঝতে পারছেন।
আমার কাছে বিশ্বকাপ জয় খুবই বিশেষ মুহূর্ত। কারণ খেলোয়াড় হিসেবে এটাই ক্যারিয়ারের চূড়ান্ত সাফল্যের নির্ধারক। এটা অনেকটা যেকোন চাকরি বা পেশায় সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার মতো। আপনি এর বাইরে আর কিছু চাইতে পারবেন না। আমি ভাগ্যবান যে, বিশ্বকাপের আগে বাকি সাফল্যগুলোও পেয়েছি। আমার ক্যারিয়ারে এই একটা অর্জনই বাকি ছিল, যা অর্জনের মাধ্যমে ক্যারিয়ারের ইতি হলো।'
২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অনুভূতি নিজের সন্তান জন্মের সঙ্গে তুলনা করেছেন মেসি। 'আমি তুলনা করছি না, কিন্তু ক্যারিয়ারের সব অর্জনই বিবেচনা করা হয়। বিশ্বকাপ আমার কাছে অনেকটা নিজের সন্তান জন্মের মতো অনুভূতি।'
রোনালদো ২০১৬ ইউরো ছাড়াও দুটি উয়েফা নেশন্স লিগ জেতেন পর্তুগালের জার্সিতে। কিন্তু বিশ্বকাপ তাঁর নাগালের বাইরেই রয়ে গেছে। ২০২২ বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়ার পর টানেলের পথে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন। সেই সময় ইনস্টাগ্রামে রোনালদো লিখেছিলেন, 'পর্তুগালের হয়ে বিশ্বকাপ জয় আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় এবং উচ্চাকাঙ্ক্ষী স্বপ্ন।' তবে এখন সিআরসেভেন বলছেন ভিন্ন কথা।