সুন্দর আজ সুন্দর বোলিংয়ে জেতালেন ভারতকে

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৬:৩৮ পিএম

আগের ম্যাচে ২৩ বলে ৪৮ রানের দারুণ এক ইনিংস খেলেও ভারতকে জেতাতে পারেননি ওয়াশিংটন সুন্দর। সে ম্যাচ বল করেননি এই অলরাউন্ডার। আজ ব্যাট হাতে ৭ বলে ১২ রান করে ভারতের ১৬৭ রানে রেখেছেন অবদান। তবে সবচেয়ে বড় কাজটা সুন্দর করলেন মাত্র ৮ বলে ৩ উইকেট নিয়ে। সুন্দর-অক্ষর-দুবের দারুণ বোলিংয়ে অস্ট্রেলিয়াকে ১১৯ রানে গুড়িয়ে দিয়ে ৪৮ রানের বড় জয় পেয়েছে ভারত। পাচ ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ২-১এ। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচ হবে শনিবার।

গোল্ড কোস্টের কারার ওভালে ১৪ ওভারে ২ উইকেটে ১২১ রান — এমন অবস্থান থেকে ইনিংসের শেষ দিকে ভীষণভাবে থেমে যায় ভারতের রানের গতি। অধিনায়ক সূর্যকুমার যাদব টসের সময় উইকেটকে “উপমহাদেশীয় ধাঁচের” বলে বর্ণনা করলেও ভারত শেষ পর্যন্ত তুলতে পারে মাত্র ১৬৭ রান। তাদের রান থামিয়ে দেওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন অ্যাডাম জাম্পা — দ্বিতীয় সন্তানের জন্মের পর দলে ফেরা ম্যাচে তিনি নেন গুরুত্বপূর্ণ উইকেটগুলো। আর শেষ ওভারগুলোতে দুর্দান্ত বল করেন নাথান এলিস।

সিরিজের প্রথম তিন ম্যাচে অক্ষর প্যাটেলের খুব একটা ভূমিকা ছিল না। ক্যানবেরায় ভারত বলই করেনি, মেলবোর্নে তাকে ব্যবহার করা হয়নি, আর হোবার্টে পান ০/৩৫। কিন্তু এই ম্যাচে তিনি ছিলেন ভারতের সেরা অস্ত্র। তার দ্রুতগতির বাঁহাতি স্পিনে ভুগেছে অস্ট্রেলিয়া ব্যাটাররা।

ম্যাথু শর্ট, যিনি নিজের পছন্দের ওপেনিং ভূমিকায় ফিরেছিলেন, শুরুতে ভালো খেললেও অক্ষরের বল সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন। এরপর জশ ইনগ্লিসকে আউট করেন অক্ষর।

আগের ম্যাচের মতোই এ দিনও মিচেল মার্শ শুরুতে খুব বেশি বল পাননি, কিন্তু রিদমে আসছিলেন। ঠিক তখন দুবের ধীরে করা শর্ট বল পুল করতে গিয়ে মার্শ ডিপ স্কয়ার লেগে ধরা পড়েন আর্শদিপের হাতে।  

আগের ম্যাচে ৭৪ রানেই ইনিংসে ১২৯ মিটার ছক্কা হাকানো টিম ডেভিড শিবম দুবেকে আজও স্টেডিয়ামের ছাদে আছড়ে ফেলেছিলেন। কিন্তু পরের বলেই প্রতিশোধ নেন দুবে। ছোট লেংথে বাউন্স করানো বল পুল করতে গিয়ে টপ এজ দিয়ে আকাশে তুলে দেন ডেভিড, ধরা পড়েন কভারে।

দুই ওভার পর জশ ফিলিপ মিডউইকেটে ক্যাচ দেন, তখন অস্ট্রেলিয়ার আশা টিকে ছিল কেবল ম্যাক্সওয়েলের ব্যাটে। কিন্তু সেপ্টেম্বরের পর প্রথম ব্যাট করতে নামা ম্যাক্সিকে ২ রানেই বোল্ড করেন বরুণ চক্রবর্তী গুগলিতে। এর পর ওয়াশিংটন সুন্দর তুলে নেন টপাটপ উইকেট। ২৮ রানের মধ্যে অস্ট্রেলিয়া ৭ উইকেট হারিয়ে অলআউট হয় ১০ বল না খেলেই। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত