নিজের বিয়ের দাওয়াত দিয়ে সংবাদ সম্মেলন করলেন চিত্রনায়িকা পরীমনি। বুধবার (৫ নভেম্বর) সকালে বিনোদন সাংবাদিকদেরকে এই অভিনেত্রী বলেন ‘আজ আমার বিয়ে। ঠিক সন্ধ্যা সাতটায় চলে আসবে।’ কিন্তু নির্ধারিত সময়ে সেখানে যাওয়ার পর গণমাধ্যমকর্মীদের বুঝতে বাকি থাকে না, পরী কথাগুলো মজার ছলেই বলেছিলেন। মূলত এই নায়িকার বহুল প্রত্যাশিত ডোডোর গল্প সিনেমার মুক্তির খবরে নিজের উচ্ছ্বাস সবার সাথে ভাগাভাগি করেন তিনি। পাশাপাশি পুরনো জন্মদিনের কেকও কাটেন সবাই মিলে।
সরকারি অনুদানের এই সিনেমা মুক্তি পাচ্ছে আগামী রোজার ঈদে। পরিচালক যখন সিনেমার ঘোষণা দেন, তখন পরী দেশে ছিলেন না। এই খুশিতে দেশে এসেই সংবাদ সম্মেলনের আয়োজন করে নিজের অভিজ্ঞতা ও চরিত্র নিয়ে কথা বলেন নায়িকা। কারণ ডোডের গল্প সিনেমার মাধ্যমে অনেকদিন পর পর্দায় ফিরছেন তিনি।
কিন্তু কথা বলতে গিয়ে একপর্যায়ে রহস্যের ইঙ্গিত দিয়ে সবাইকে প্রশ্ন করা থেকে বিরত থাকতে অনুরোধ করেন পরীমনি। তিনি বলেন, ‘প্রমোশনটার স্টার্ট হয়ে গেছে। তো প্রমোশনটা যে আপনাদের হাত ধরে হয়েছে, এটা সবথেকে অনেক একটা দারুন ব্যাপার আমার জন্য। ছবির কাজ তিনি দুই বছর আগে শেষ করলেও, এর স্মৃতি তার জীবনের অংশ হয়ে থাকবে।’
পরীমনি বলেন, ‘বয়সের একটা জার্নি দেখানো হয়েছে। একদম টিনেজ বয়স থেকে। আমি মনে হয় ৫০ বছরের উপরেও যেই লুকটা হয়, সেটা সেরকম একটা লুক আমি দিয়েছি। তো ওইটা নিয়ে আমি, ওই লুকটা দেখার জন্য বেশি আমি এক্সাইটেড যে কখন এই লুকটা আসবে এবং সিনেমার এ্যান্ড পার্ট।’